জমি-ফ্ল্যাট বিক্রির আয়ে উৎসে করহার এলাকাভেদে চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি বা ফ্ল্যাট বিক্রির সময় এলাকাভেদে বিক্রেতার ওপর করহার নির্ধারণ করা হয়েছে। বিক্রেতা জমি বা ফ্ল্যাট বিক্রির অর্থের ওপর ১ থেকে ৪ শতাংশ পর্যন্ত উৎসে কর কেটে রাখবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা বিক্রেতার চূড়ান্ত করদায় হিসেবে বিবেচিত হবে। রোববার এ সংক্রান্ত পরিপত্র প্রকাশ করেছে এনবিআর।
গুলশান, ধানমন্ডি, বনানী, মতিঝিল, দিলকুশা, নর্থ-সাউথ রোড, মহাখালী, কারওয়ানবাজার, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, উত্তরা, নিকুঞ্জ, আজিমপুর, রাজারবাগ, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, নিকেতন, শাহবাগ, পান্থপথ, বাংলামোটর, কাকরাইল, সেগুনবাগিচা, বিজয়নগর, ইস্কাটন, গ্রিনরোড, এলিফ্যান্ট রোড, ফকিরেরপুল, আরামবাগ, মগবাজার, তেজগাঁও, শেরেবাংলা নগর, আগারগাঁও, লালমাটিয়া, মহাখালী ডিওএইচএস, ক্যান্টনমেন্ট, বাড্ডা, সায়েদাবাদ, নবাবপুর, ফুলবাড়ী, শ্যামপুর, গোরান, হাজারীবাগ, চট্টগ্রামের আগ্রাবাদ, সিডিএ অ্যাভিনিউ, হালিশহর, নাসিরাবাদ, মেহেদীবাগ, খুলশী, পাঁচলাইশ ও নারায়ণগঞ্জ এলাকায় দলিলমূল্যের ৪ শতাংশ হারে কর আরোপ করা হবে। এ ছাড়া এলাকাভেদে এক লাখ ৮০ হাজার থেকে ১০ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত যেটি বেশি হবে, সেই হারে কর দিতে হবে বিক্রেতাকে। এ ছাড়া এসব এলাকায় ফ্ল্যাট বিক্রি হলে বিক্রেতাকে প্রতি বর্গমিটারে ৬০০ টাকা কর দিতে হবে।
এ ছাড়া ওপরের উল্লেখিত এলাকাগুলো ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) আওতাধীন এলাকা ও জমিতে দলিলমূল্যের ৪ শতাংশ দিতে হবে। এ ছাড়া নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, ঢাকা ও চট্টগ্রাম জেলার পল্লি অঞ্চলে ৩ শতাংশ হারে কর আরোপ করা হয়েছে। এ ছাড়া জেলা শহরের পৌরসভা এলাকায় ৩ শতাংশ, পৌরসভা এলাকার বাইরে ২ শতাংশ ও অন্য এলাকায় এক শতাংশ করারোপ হবে।