জমে উঠেছে আয়কর মেলা

হাবিব আলম হাতে চটের ব্যাগ নিয়ে বন্ধুর জন্য অপেক্ষা করছেন। আয়কর দিয়েছেন মাত্রই। অনলাইনে ফরম পূরণ করে এখানে এসে রিটার্ন জমা দিলেন। আগে অন্যকে টাকা দিয়ে কাজ করিয়ে নিতেন। এখন মেলায় এসে ঝামেলা ছাড়া নিজেই আয়কর দেন।
দেশব্যাপী আয়কর মেলা-২০১৭ শুরু হয়েছে গতকাল থেকে। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে দেখা যায় মানুষ লাইন ধরে মেলায় প্রবেশ করছে। ঢুকতেই সারি সারি টেবিল পাতা। সেখানে ফরম পূরণে ব্যস্ত লোকজন। রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরাও আছেন পাশে। বুঝিয়ে দিচ্ছেন, কোথায় কী করতে হবে। আলাদা আলাদা সেবার জন্য রয়েছে অনেকগুলো বুথ। ৭ নভেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলা চলবে।
নাসিমা বেগম মিরপুর থেকে এসেছেন। গতবারও মেলায় এসে আয়কর দিয়েছেন। গতবারের অভিজ্ঞতা ভালো ছিল। তাই এবারও এসেছেন। নাসিমা বলেন, ‘আগে কর অঞ্চল অফিসে গিয়ে অন্য কাউকে দিয়ে এক হাজার টাকায় কাজ সেরে নিতাম। ঝামেলা মনে হতো। কিন্তু মেলা হওয়ায় একটা উৎসব উৎসব আমেজ পাওয়া যায়। সময়ও বেশি লাগে না।’ নাসিমার মতো আরও অনেকেই আয়কর দিতে এসে স্বস্তিই প্রকাশ করলেন।
কর আপিল অঞ্চল-১-এর কমিশনার কাজী ইমদাদুল হক প্রথম আলোকে আয়কর জমা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে বলেন, নতুন করদাতা হলে হেল্প ডেস্কে এলেই সব তথ্য জানতে পারবেন, কোথায় কী করতে হবে। মেলাতেই ব্যাংকের বুথ করা হয়েছে। অঞ্চলভেদে এখানে রিটার্ন জমা নেওয়ার আলাদা বুথ আছে। প্রথমবারের মতো এ মেলায় কর কার্ড (ট্যাক্স কার্ড) দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় সেবা প্রাপ্তিতে এই কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন।
প্রথম দিন গতকাল সারা দেশে ২০৮ কোটি টাকার আয়কর পাওয়া গেছে। সেবা নিয়েছেন ৭৯ হাজার ১১২ জন। মেলায় এবার ১০২টি বুথ আছে। প্রতিবন্ধী, বয়স্ক, মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা বুথ করা হয়েছে।
মেলায় সাহায্যের জন্য রোভার স্কাউটের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। শৃঙ্খলা বজায়সহ বুথ সম্পর্কে দিক নির্দেশনাতে সাহায্য করছেন তাঁরা। ইশতিয়াক আহমেদ গতকাল থেকে স্বেচ্ছাসেবক হিসেবে আছেন। কাজ করা অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘কাজটা সারা দিনের হলেও ভালো লাগে। নানান রকম অভিজ্ঞতা হচ্ছে। নিজেরাও শিখছি।’