
ক্ষুদ্রঋণ বিতরণকারী সরকারি প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) রজতজয়ন্তী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে সপ্তাহব্যাপী উন্নয়ন মেলা। মেলায় দেশের দরিদ্র জনগোষ্ঠীর উৎপাদিত বিভিন্ন পণ্য উপস্থাপন করা হয়েছে। ক্ষুদ্রঋণ নিয়ে গড়ে তোলা ক্ষুদ্র ও কুটিরশিল্পের উদ্যোক্তারা যোগ দিয়েছেন এই মেলায়।
গতকাল সোমবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, আগ্রহী দর্শনার্থী ও ক্রেতাদের ভিড়ে বেশ জমে উঠেছে মেলা। এমনই একজন মিরপুর থেকে আসা নাজমা আক্তার। রংপুরের আঞ্চলিক প্রতিষ্ঠান আরডিআরএস স্টল থেকে একটি শতরঞ্জি কিনেছেন তিনি। মেলা কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভালোই লাগছে। স্টলগুলো বেশ গোছানো।’
আরডিআরএস স্টলটির বিক্রয়কর্মী বলেন, ‘নিজেদের তৈরি পণ্য নিয়েই মেলায় এসেছি আমরা। বেশ ভালো সাড়া পাচ্ছি।’
মেলার যশোরের রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) স্টলটিও আকর্ষণীয় করে সাজানো। স্টলটির প্রবেশমুখেই চোখে পড়ে খেজুরপাতা, নারকেলের ছোবড়া দিয়ে সুন্দর করে তৈরি বাবুই পাখির বাসা। শোপিস হিসেবে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে বাঁশের তৈরি নানা পণ্য। স্টলটিতে মুগডাল, চানাচুর, ডালের বড়ার পাশাপাশি শণ, পাট, বাঁশের মতো উপাদান দিয়ে তৈরি অনেক আকর্ষণীয় পণ্যও দেখা যায়।
স্টলটির দায়িত্বে থাকা ব্যবস্থাপক নিবেদিতা দত্ত বলেন, ‘যশোরের বিভিন্ন এলাকার নারী-পুরুষ আমাদের কাছ থেকে ঋণ নিয়ে এসব পণ্য তৈরি করেন। তাঁদের কাছ থেকে আমরা সেসব পণ্য আবার কিনে নিই। প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে তৈরি এসব পণ্য প্রচারের জন্যই আমরা এখানে এসেছি।’
নিবেদিতা আরও জানান, ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের অনেক দেশেই তাঁদের এসব পণ্য রপ্তানি হয়। সর্বনিম্ন ২৫ টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে এসব পণ্য ক্রেতারা কিনতে পারেন।
পিকেএসএফের সদস্য এমন ৮১টি প্রতিষ্ঠানের ১২৫টি স্টল রয়েছে মেলায়। মেলায় বিনা মূল্যে দর্শনার্থীরা আসতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা খোলা থাকছে। মেলা চলবে আগামী ১ নভেম্বর পর্যন্ত।
বাউলসম্রাট লালন শাহের শহর কুষ্টিয়া থেকে মেলায় অংশ নিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (অ্যাডো)। লালনের প্রতিকৃতি ও একতারার পাশাপাশি কুষ্টিয়ায় তৈরি ঘি, গুড়, তাঁতের লুঙ্গি, গামছা, বেল কাঠের ক্যারমবোর্ড, ক্রিকেট ব্যাটও পাওয়া যাচ্ছে স্টলটিতে।
কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে স্টলটির ব্যবস্থাপক রফিকুল হাসান বলেন, ‘খুব ভালো বিক্রি হচ্ছে। সাত দিনে বিক্রির জন্য আমরা যে ঘি ও গুড় নিয়ে এসেছি, তা আজ দ্বিতীয় দিনেই প্রায় শেষের পথে।’ তিনি আরও জানান, স্টলটি ভাড়া নেওয়ার জন্য খরচ পড়েছে ৩০ হাজার টাকা। আয়োজকদের ব্যবস্থাপনায় সন্তুষ্টিও প্রকাশ করলেন তিনি।
পুরো মেলায় ক্রেতাদের নজর কাড়ার মতো এমন অনেক স্টলই আছে। হস্ত ও কুটিরশিল্পের বাহারি পণ্যও মিলবে সেখানে। মাটির গয়না, ঘর সাজানোর পণ্য থেকে শুরু করে বিদ্যুৎসাশ্রয়ী এলইডি প্রযুক্তির বাতি, ল্যাপটপের মতো উচ্চপ্রযুক্তির পণ্যের প্রদর্শনীও এখানে হচ্ছে। আবার স্থানীয়ভাবে তৈরি বিস্কুট, চানাচুর, ডাল, সরিষার তেলের মতো ভোগ্যপণ্যও মিলছে এই মেলায়।
সরকারি গবেষণাপ্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারির) স্টলও দেখা গেল প্রদর্শনীতে। বারির উদ্ভাবিত নানা কৃষিপণ্য ও প্রযুক্তির প্রদর্শনী চলছে সেখানে। আয়োজক প্রতিষ্ঠান পিকেএসএফের স্টলটিও সুন্দর করে সাজানো হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, পিকেএসএফ প্রতিষ্ঠার ২৫তম বছরে বর্ষব্যাপী রজতজয়ন্তী উদ্যাপনের দ্বিতীয় পর্বের আয়োজন হিসেবে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার পাশাপাশি এই সাত দিনে প্রতিদিন দুটি করে মোট ১৪টি সেমিনার আয়োজিত হবে। এরই অংশ হিসেবে গতকাল আয়োজিত হয় দুটি সেমিনার। গতকালের প্রথম সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের
উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং দ্বিতীয় সেমিনারের প্রধান অতিথি ছিলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন।