জমে উঠেছে শারদীয় পূজার কেনাকাটা
সাদা মেঘের ভেলা আর কাশফুলের স্নিগ্ধতায় সিঁদুররাঙা আমেজ নিয়ে আসছে শারদীয় দুর্গাপূজা। মণ্ডপ ও প্রতিমা সাজানোর পাশাপাশি এখন আয়োজন চলছে সাজ-পোশাক নিয়েও। পূজা চলে বেশ কয়েক দিন ধরে, তাই মাত্র একটি পোশাকে হয় না। রাজধানীর বেইলি রোডের টাঙ্গাইল শাড়ি কুটিরে প্রশান্তিকা চক্রবর্তী নামের একজন ক্রেতা বলেন, ‘মা দুর্গাকে বরণ করতে লাল-সাদার সনাতনী সাজ অবশ্যই থাকবে, কিন্তু তাতে আধুনিকতার ছোঁয়াও থাকা চাই।’ সে অনুযায়ীই তিনি কিনলেন লাল পেড়ে সাদা জামদানি শাড়ি।পূজা উপলক্ষে ফ্যাশন হাউস অঞ্জন’সে লাল-সাদার সালোয়ার-কামিজসহ বিভিন্ন উজ্জ্বল রঙের পোশাক রয়েছে। পিছিয়ে নেই বাংলার রং, দেশাল ও উনিশ-কুড়ি। এসব শোরুমে সালোয়ার-কামিজের পাশাপাশি রয়েছে শাড়ি, ফতুয়া ও উজ্জ্বল রঙের ওড়না। ছেলেদের জন্য এসেছে বাহারি সব ডিজাইনের ধুতি ও শর্ট পাঞ্জাবি। শারদোৎসবের পোশাকে লাল হচ্ছে শক্তির আর সাদা শুভ্রতার প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে আসছে। কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটে কেনাকাটা করতে এসে ক্রেতা সৌমন্তী জানান, দশমীর জন্য লাল-সাদা গরদ শাড়ি কিনেছেন, ষষ্ঠীর জন্য গাঢ় নীল রঙের ফতুয়া ও জিনস কিনবেন।ফ্যাশন হাউস চরকায় পাওয়া যাচ্ছে নতুন ডিজাইনের জয়শ্রী সিল্ক, সেমি দুপিয়ান, অ্যান্ডি কটন ও তাঁতের মিশ্র বুননে পোশাক। সোনালি, লাল, নীল, সবুজ, মেরুন, কমলাসহ বিভিন্ন উজ্জ্বল রং এসব পোশাকে প্রাধান্য পেয়েছে। শিশুদের পোশাকেও রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন। নিউমার্কেট ঘুরে দেখা গেছে, ঘরের সাজসজ্জার মধ্যে পর্দা ও বিভিন্ন অলংকরণ দ্রব্যের চাহিদা বেশি। সেখানে নীনা দাশগুপ্ত জানান, বাচ্চাদের ও নিজের কেনাকাটা শেষ। এবার ঘর সাজানোর জন্য সোফার কভার ও পর্দা কিনতে এসেছেন।পূজা উপলক্ষে শিশু একাডেমীর সামনে পাওয়া যাচ্ছে নকশা-আলপনা করা পটারি (মাটির পাত্র)। প্রতিমার মুখচ্ছবি দিয়ে বাঁধানো দেয়াল-আলপনাও পাওয়া যায় এখানে। পূজাকে সামনে রেখে গিফট শপগুলোতে ভিড় শুরু হয়েছে। সেখানে কার্ড, বল, ছবির ফ্রেম, মগ, চাবির রিংসহ বিভিন্ন উপহার পাওয়া যাচ্ছে। এ ছাড়া রয়েছে ফুল, পাখি, মাছসহ বিভিন্ন নকশা আঁকা মগ, মাটি ও কাপড়ের তৈরি নানা আকৃতির পুতুল, বিভিন্ন ডিজাইনের মোমবাতি। পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকার দোকানগুলোতে ধূপ, ধুতি, শাঁখা, সিঁদুর, তিলকসহ নানা পণ্যের দোকানগুলোতেও এখন সারা দিন ভিড় জমে আছে।