জমেছে ২১ হাজার ট্রাক পণ্য খালাসের সময় ৩৬ ঘণ্টা!
টানা এক সপ্তাহের অবরোধে চট্টগ্রাম বন্দর ও ডিপোতে জমে গেছে প্রায় ২১ হাজার ট্রাকের পণ্য। এসব পণ্য বন্দর ও ডিপো থেকে খালাসের জন্য ব্যবসায়ীরা মাত্র ৩৬ ঘণ্টা সুযোগ পাচ্ছেন। আগামীকাল শনিবার থেকে আবারও টানা ৭২ ঘণ্টার অবরোধ শুরুর ঘোষণায় পণ্য খালাস নেওয়ার সুযোগ পাচ্ছেন না ব্যবসায়ীরা।
বন্দর ও ডিপোর তথ্যে দেখা যায়, অবরোধের কারণে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বন্দরে প্রায় চার হাজার এবং ডিপোতে প্রায় তিন হাজার কনটেইনার পণ্য জমে গেছে। এসব কনটেইনারে পণ্য পরিবহন করতে প্রয়োজন হবে ২১ হাজার ট্রাক। অবরোধের কারণে এখন রপ্তানি পণ্য ডিপোতে পরিবহন ও পোশাকশিল্পের কাঁচামাল বন্দর থেকে খালাসেই বেশি জোর দেওয়া হচ্ছে।
জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘যে হারে বন্দর-ডিপোতে পণ্য জমেছে, সেগুলো দ্রুত সময়ে খালাসের সুযোগ নেই। এ কারণে আমরা এখন বিকল্প চিন্তা করছি। এ ক্ষেত্রে একসঙ্গে ৫০-৬০টি ট্রাকের পণ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বন্দর ও গুদাম থেকে পরিবহনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সড়কপথে নির্ভরতার কারণে ঢাকামুখী পণ্যের ক্ষেত্রে এ ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প উপায় নেই।’
পরিবহন মালিক সমিতির নেতারা জানান, বিপুল পরিমাণ পণ্য জমলেও পরিবহনের জন্য পর্যাপ্ত ট্রাক-কাভার্ড ভ্যান নেই। কারণ, অবরোধে দেশের নানা স্থানে আটকা পড়েছে পণ্যবাহী গাড়ি। এ অবস্থায় চট্টগ্রামে পড়ে থাকা এখন হাজার তিনেক গাড়িই এসব পণ্য পরিবহনের মূল ভরসা।
আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক কমিটির আহ্বায়ক সফিউর রহমান টিপু বলেন, ‘ছয় গাড়ি পণ্য পরিবহনের আদেশ থাকলেও নিরাপত্তাহীনতার কারণে আমার নিজের গাড়ি দিচ্ছি না। আবার অন্যের গাড়ির ভাড়া নিতে চাইলেও অস্বাভাবিক ভাড়া উঠছে ট্রাকের বাজারে।’
জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারের পণ্য পরিবহনে সড়কপথের ওপর নির্ভরতার কারণেই মূলত ব্যবসায়ীদের হাতে বিকল্প পছন্দ নেই।
এদিকে চট্টগ্রাম বন্দর থেকে নদীপথে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ-টার্মিনালে কনটেইনারের পণ্য পরিবহন দ্রুত চালু করতে গত বুধবার রাতে বন্দর ভবনে ব্যবহারকারীদের সঙ্গে বৈঠক করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। প্রাথমিকভাবে দালিলিক জটিলতার কারণে যেসব পণ্য চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়ন হবে, সেগুলো নদীপথে পরিবহনের সুযোগ আছে।
এ ছাড়া নথিপত্র সংশোধন করে পানগাঁও নৌ-টার্মিনালে শুল্কায়ন ও খালাসের সুযোগ আছে। বন্দর প্রস্তুত থাকলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ব্যবসায়ীরা আগ্রহ দেখাননি।