জরিমানা ছাড়াই অপ্রদর্শিত অর্থ বৈধ করার পক্ষে এফবিসিসিআই
জরিমানা ছাড়াই অপ্রদর্শিত আয় বৈধ করার পক্ষে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এ ক্ষেত্রে শুধু প্রযোজ্য হারে আয়কর দেওয়ার সুযোগ রেখে আইনের সংশোধনের প্রস্তাব রয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির।
এফবিসিসিআইয়ের যুক্তি, করদাতারা কর নির্ধারণের পর নির্ধারণবহির্ভূত বাদ পড়ে যাওয়া আয় আর দেখানোর সুযোগ পান না। তাই সুযোগ দিলে আয়কর আদায় বাড়বে। চলতি ২০১২-১৩ অর্থবছরের বাজেটে ১০ শতাংশ হারে জরিমানা আরোপের বিধান রাখায় করদাতারা এ ব্যাপারে নিরুত্সাহিত হচ্ছেন।
এ ছাড়া আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতিহার, জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিষয় বিবেচনায় নিয়ে ব্যক্তি খাতের করমুক্ত আয়সীমা বাড়িয়ে দুই লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব রয়েছে এফবিসিসিআইয়ের।
রপ্তানিমুখী তৈরি পোশাক ও এর আনুষঙ্গিক শিল্প খাতের উেস আয়কর কর্তনের বিধান বাতিলের পক্ষে এফবিসিসিআই। তা-ও যদি না হয়, তবে এসব খাতের জন্য দশমিক ৫০ শতাংশ হারে উেস কর কাটার বিধান প্রবর্তনের প্রস্তাব করেছে সংগঠনটি।
স্থানীয় শিল্পের বিকাশ ও বিনিয়োগের স্বার্থে মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ওপর আরোপিত আমদানি শুল্ক এক শতাংশ নির্ধারণের প্রস্তাব রয়েছে এফবিসিসিআইয়ের। বর্তমানে এ হার তিন শতাংশ।
এফবিসিসিআই মনে করে, কর অবকাশ সময়সীমা ২০১৫ সাল পর্যন্ত বাড়ানো প্রয়োজন। আর মত্স্য, পোলট্রি ও দুগ্ধশিল্পসহ কয়েকটি শিল্প খাতের জন্য এ সুবিধা ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো যেতে পারে।
আসন্ন ২০১৩-১৪ অর্থবছরের বাজেট সামনে রেখে এফবিসিসিআই যে চূড়ান্ত প্রস্তাব তৈরি করেছে তাতে এসব উল্লেখ করা হয়েছে। প্রস্তাবটি গতকাল বুধবার অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
এফবিসিসিআইয়ের প্রস্তাবে ৯৭টি আয়কর, ১৮৯টি আমদানি শুল্ক এবং ১৯১টি মূসকসংক্রান্ত প্রস্তাব ঠাঁই পেয়েছে। চূড়ান্ত প্রস্তাবটি নিয়ে রাজধানীর একটি হোটেলে আজ বৃহস্পতিবার পরামর্শক সভা অনুষ্ঠিত হবে।
আয়কর: এফবিসিসিআইয়ের করপোরেট করসংক্রান্ত প্রস্তাবে বলা হয়, শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০ শতাংশের কম লভ্যাংশ দিলে কর ৩২ দশমিক ৫ শতাংশ, লভ্যাংশ ১০ শতাংশ থেকে ২০ শতাংশের মধ্যে হলে ২৫ শতাংশ; লভ্যাংশ ২০ শতাংশের বেশি দিলে ২২ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা প্রয়োজন।
পুঁজিবাজারে তালিকাবহির্ভূত প্রতিষ্ঠানের আয়কর ৩২ দশমিক ৫ শতাংশ (অনুত্পাদনশীল প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩৫ শতাংশ); ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ব্যাংক, বিমা, অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানের কর ৪০ শতাংশ, সিগারেট প্রস্তুতকারক ও মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৪২ দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই।
সংগঠনটি মনে করে, শিল্পের মৌলিক কাঁচামালের ওপর অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার কিংবা তা ৩ শতাংশ করা প্রয়োজন। এ ছাড়া অগ্রিম আয়কর হিসেবে দেওয়া অর্থ পরবর্তী সময়ে আয়কর দেওয়ার সময় সমন্বয় করার বিধান প্রবর্তন করা প্রয়োজন।
এফবিসিসিআইয়ের মতে, স্থানীয় ঋণপত্র (এলসি) খুলতে ব্যাংকে ৫ শতাংশ অগ্রিম উেস আয়কর দিতে হয়। এতে অভ্যন্তরীণ কেনাবেচা পর্যায়ে খরচ বাড়ে। এ আয়কর প্রত্যাহার চায় সংগঠনটি।
বর্তমানে এসএমই খাতে বার্ষিক লেনদেন ২৪ লাখ টাকা পর্যন্ত কর অব্যাহতি সুবিধা রয়েছে। এ সীমা ৫০ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করেছে এফবিসিসিআই।
শেয়ার প্রিমিয়ামের ওপর ৩ শতাংশ হারে আয়কর আরোপের বিধান প্রত্যাহারের প্রস্তাব করেছে এফবিসিসিআই। কারণ, এটা কোনোভাবেই আয় নয় এবং লভ্যাংশ হিসেবে বিতরণযোগ্যও নয়। এ ছাড়া নতুন প্রতিষ্ঠিত কোম্পানিকে প্রথম দুই বছর শতভাগ আয়করমুক্ত রাখার প্রস্তাবও করেছে সংগঠনটি।
মূল্য সংযোজন কর: এফবিসিসিআই বলেছে, স্থানীয় শিল্পকে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগী করতে উত্পাদন স্তরে সব ম্যানুফ্যাকচারিং খাতে আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করা প্রয়োজন। আমদানি পর্যায়ে মূসক আরোপিত না থাকলে ওই পণ্যের উত্পাদন পর্যায়েও মূসক আরোপ না করার প্রস্তাব করেছে সংগঠনটি।