জরিমানা ছাড়াই অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ চায় রিহ্যাব
জরিমানা ছাড়াই অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুযোগ চায় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বিশেষ করে প্রথমবার যাঁরা ফ্ল্যাট কিনবেন, তাঁদের আয়ের উৎস যেন না খোঁজা হয়, সে দাবিও রয়েছে সংগঠনটির।রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেছেন, আবাসন খাতের সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় আগামী ৫ থেকে ১০ বছরের জন্য আবাসন খাতে বিনিয়োগের ক্ষেত্রে এ সুবিধা দেওয়া প্রয়োজন। এ সুবিধা দেওয়া না হলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাবে।জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এক প্রাক্-বাজেট আলোচনায় গতকাল বুধবার রিহ্যাবের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এদিন মূলত নির্মাণ খাতসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা হয়। এনবিআরের চেয়ারম্যান মো. গোলাম হোসেনের সভাপতিত্বে সংস্থার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন, সৈয়দ আমিনুল করিম ও জাহাঙ্গীর হোসেন এবং এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, চলতি অর্থবছরের বাজেটে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে আয়ের বিপরীতে যে পরিমাণ কর এত দিন দেওয়া হয়নি, তা দেওয়া এবং এর সঙ্গে ১০ শতাংশ জরিমানা দেওয়ার বিধান চালু করা হয়।রিহ্যাবের দাবির পরিপ্রেক্ষিতে এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, বাড়ি বিক্রির সময় ক্রেতাদের কাছে আয়কর বিবরণী মূল্যায়ন সনদ দেখতে চান। শুধু টিআইএন দেখাই যথেষ্ট নয়। কারণ, দেশে ১২ লাখ টিআইএনধারী কর দেন। বাকি ২৮ লাখ টিআইএনই বোগাস।’রিহ্যারেব সহসভাপতি আরও বলেন, ফ্ল্যাট ও প্লট নিবন্ধনের ফি ও কর কমিয়ে সাড়ে ৪ শতাংশ করা যেতে পারে। এ ছাড়া গেইন ট্যাক্স, স্ট্যাম্প ফি ও নিবন্ধন ফি ১ শতাংশ করা এবং মূল্য সংযোজন কর দেড় শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেন তিনি।লিয়াকত আলী ভূঁইয়া বলেন, আবাসন খাতে ধসের কারণে এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পগুলোতেও ধস নেমেছে। বিশেষ করে স্টিল মিলগুলোর অবস্থা বেশ খারাপ অবস্থায় পড়েছে।এ প্রসঙ্গে সভায় বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক জানান, ইতিমধ্যে ৫০টি রি-রোলিং মিল বন্ধ হয়ে গেছে। আর স্টিল মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, রি-রোলিং মিল বন্ধ হয়ে যাওয়ায় ১০০টির মতো স্টিল মিলও বন্ধ হয়ে গেছে।অন্যান্য: আলোচনায় অংশ নিয়ে অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুল আলম বলেন, বিলেট তৈরির কাঁচামাল আমদানিতে প্রতি টনে দেড় হাজার টাকা শুল্ক দিতে হচ্ছে। আবার পিএসআই শুল্ক আছে ১ শতাংশ। এ শুল্ক তুলে দেওয়া উচিত। তিনি বলেন, বিলেট তৈরির কাঁচামালের চাহিদার ২০ থেকে ৩০ শতাংশ দেশীয়ভাবে ফেরিওয়ালাদের কাছ থেকে সংগ্রহ করা হয়। এ ক্ষেত্রে ৪ শতাংশ মূসক আরোপিত রয়েছে। কিন্তু স্ক্র্যাপ লোহা আমদানি করা হলে কোনো মূসক দিতে হয় না। এটা অযৌক্তিক।সিরামিকওয়্যারস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিজভী উল কবির বলেন, সিরামিকশিল্পের মৌলিক কাঁচামাল (যেমন—বোন অ্যাশ, চায়না ক্লে, বল ক্লে ও প্লাস্টার অব প্যারিস) আমদানিতে এখন ৫ শতাংশ শুল্ক আরোপিত আছে। সেটা কমিয়ে ৩ শতাংশ করা হোক। আর অন্যান্য কিছু কাঁচামালের (পাইরোফাইলাইট, জিরকোনিয়াম সিলিকেট ও ক্যালসিয়াম কার্বনেট) ওপর বিদ্যমান ১২ শতাংশ শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা প্রয়োজন। সভায় বাংলাদেশ পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মতিন খান, বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।