জরিমানা পরিশোধে ১০ দিন সময় পেল গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন ভঙ্গ করে ‘গো’ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার জন্য মুঠোফোন অপারেটর গ্রামীণফোনকে করা ৩০ কোটি টাকা জরিমানা পরিশোধে ১০ দিন সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল রোববার এ-সংক্রান্ত চিঠি গ্রামীণফোনকে পাঠিয়েছে বিটিআরসি।

বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গত সপ্তাহে গ্রামীণফোনকে ‘গো’ ব্রডব্যান্ড সেবার জন্য ৩০ কোটি টাকার আর্থিক জরিমানা করা হয়। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস ও এডিএন টেলিকমের সঙ্গে যৌথভাবে এই ইন্টারনেট সেবা চালু করে গ্রামীণফোন। এই প্রতিষ্ঠান দুটিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সেবাটিকে অবৈধ ঘোষণার কারণ হিসেবে বিটিআরসি বলেছে, আইন অনুযায়ী কোনো মুঠোফোন অপারেটর সরাসরি তাদের অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এ ধরনের ‘লাস্ট মাইল কানেকটিভিটি’ সেবা দিতে পারে না। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেটের সর্বশেষ পর্যায়ের সংযোগকে বলা হয় ‘লাস্ট মাইল কানেকটিভিটি’। গো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার জন্য ২০১৪ সালের ডিসেম্বরে সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি করে গ্রামীণফোন। গত জুলাইয়ে গ্রামীণফোনের এ সেবাকে অবৈধ ঘোষণা করে বিটিআরসি।

জরিমানা করার বিষয়ে বিটিআরসির ব্যাখ্যা হলো, ২০১৪ সালে সেবাটি চালুর পর গ্রামীণফোন ৩০ কোটি টাকা আয় করেছে। যেহেতু সেবাটি দেওয়ার বৈধ অনুমোদন নেই তাই আয় করার অর্থের পুরোটাই জরিমানা হিসেবে আদায় করা হবে।

জানতে চাইলে গ্রামীণফোনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এ বিষয়ে বিটিআরসির চিঠি পেয়েছি এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণে নির্দেশনার আইনগত দিকগুলো খতিয়ে দেখছি। তবে গো ব্রডব্যান্ড সেবা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে একটি বৈধ অংশীদারত্ব কাঠামোর অধীনে চালু করা হয়েছে।’