জরিমানার অর্থ পরিশোধ করল আরসিবিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের বাণিজ্যিক ব্যাংক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) জরিমানা হিসেবে ১০০ কোটি ফিলিপিনো পেসো দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফেডে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার পাচারের সঙ্গে সম্পৃক্ততার কারণে ব্যাংকটিকে এ জরিমানা করা হয়। ওই অর্থ নিউইয়র্ক ফেড (ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক) থেকে ফিলিপাইন হয়ে পাচার হয়। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপিনাসের (বিএসপি) বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার তিন মাস আগেই আরসিবিসি জরিমানার অর্থ পরিশোধ করল। 

বিএসপির মনিটারি বোর্ড গত বছরের ৫ আগস্ট আরসিবিসিকে ব্যাংকিং আইন ভঙ্গের অভিযোগে জরিমানা করে। জরিমানার অর্ধেক ৫০ কোটি পেসো গত বছরের ১২ আগস্ট পরিশোধ করা হয়। বাকি ৫০ কোটি পেসো এ বছরের আগস্টের মধ্যেই পরিশোধ করতে আরসিবিসিকে সময় দিয়েছিল বিএসপি।

আরসিবিসি ফিলিপাইনের পুঁজিবাজারে তালিকাভুক্ত। ব্যাংকটির আয় বিবরণীতে জরিমানার এই অর্থকে বিবিধ শ্রেণির ব্যয় হিসেবে দেখানো হয়েছে। 

 নিউইয়র্ক ফেডে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মোট ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত পাওয়া যায়। কিন্তু ফিলিপাইনে পাচার হওয়া অর্থের সিংহভাগই উদ্ধার করা সম্ভব হয়নি। চুরির অর্থ ফিলিপাইনে নিতে মূল ভূমিকা পালন করে আরসিবিসির কিছু কর্মকর্তা।