জরিমানার অর্ধেক শোধ করল ফিলিপাইনের আরসিবিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের করা জরিমানার অর্ধেক জমা দিয়েছে দেশটির বেসরকারি রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)। জমা দেওয়া অর্থের পরিমাণ ৫০ কোটি ফিলিপিনো পেসো বা বাংলাদেশি মুদ্রায় ৮৪ কোটি টাকা। গত শুক্রবার ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপিনাসে (বিএসপি) এ অর্থ জমা দেয় আরসিবিসি।
ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নেসতর এসপেনিলা জুনিয়র এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, বিএসপিতে তারা এ অর্থ জমা দিয়েছে।’ বাকি অর্থ আরসিবিসি আগামী বছর পরিশোধ করবে বলে জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইন থেকে পাচারে সহযোগিতার অভিযোগে চলতি মাসে আরসিবিসিকে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার জরিমানা করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। গত ফেব্রুয়ারিতে চুরি হওয়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার হ্যাকাররা আরসিবিসিতে পাঠিয়েছিল। এ ক্ষেত্রে ব্যাংকটি দোষী প্রমাণিত হওয়ায় ৫ আগস্ট তাদের জরিমানা করে কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় এক বিবৃতিতে আরসিবিসি জানায়, এক বছরে
দুই কিস্তিতে এই জরিমানা পরিশোধ করবে তারা। আরসিবিসি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
এ ঘটনায় ইতিমধ্যে পদত্যাগ করেছেন আরসিবিসির প্রধান নির্বাহী ও চেয়ারম্যান লরেঞ্জো তান। তাঁর পরিবর্তে গত জুনে দায়িত্ব নেন গিল বুয়েনাভেনচুরা। তিনি এ বিষয়ে বলেন, জরিমানার পুরো অর্থ পরিশোধে আরবিসির পরিচালনা পর্ষদের অনুমোদন ইতিমধ্যে নেওয়া হয়েছে। এর মাধ্যমে অর্থ পাচার প্রতিরোধে ব্যাংকের পুরো লেনদেন ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
বিএসপি এক বিবৃতিতে জানায়, অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করতে কঠোর অবস্থানের কারণেই জরিমানার এ অর্থ আদায় করা সম্ভব হয়েছে। এই পদক্ষেপ ফিলিপাইনের আর্থিক খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে সাইবার অপরাধীরা। এর মধ্যে ২ কোটি ডলার যায় শ্রীলঙ্কায়, যা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার চার হিসাবের মাধ্যমে চলে যায় দেশটির ক্যাসিনোতে। ইতিমধ্যে চুরি যাওয়া অর্থের মধ্যে ১ কোটি ৮০ লাখ ডলার ফিলিপাইনে জব্দ করা হয়েছে। জব্দ হওয়া ওই অর্থের মধ্যে দেড় কোটি ডলার বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে চলতি মাসেই পাওয়া যাবে বলে জানান ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ।