কোনো খাতেই আর মূল্য সংযোজন কর বা মূসক-অব্যাহতি পাওয়া যাবে না। শুধু রাষ্ট্রের প্রয়োজনে জরুরি সংকটকালেই কোনো খাতকে মূসক-অব্যাহতি দিতে পারবে সরকার। একইভাবে সরকার প্রয়োজনে যেকোনো খাতের ওপর করারোপও করতে পারবে। এ ধরনের বিধান রেখে নতুন মূসক আইন চূড়ান্ত হচ্ছে।খসড়া আইনের ২১ নম্বর ধারায় এই অব্যাহতির বিষয়টি উল্লেখ করা আছে। এ ছাড়া অন্য আইনে কর-অব্যাহতি দেওয়া থাকলেও মূসক আইনের বিধানটিই কার্যকর হবে বলে খসড়ায় বলা আছে।গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সভায় খসড়া মূসক আইনটি অনুমোদন দেওয়া হয়। এর আগে এই সভায় উঠলেও তা অনুমোদন দেওয়া হয়নি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ অধিবেশনে এই আইনটি অনুমোদনের জন্য বিল আকারে উত্থাপন করা হবে। খসড়া আইনে যেকোনো সরবরাহ, সেবা, ক্ষমতা, সম্পদ ইত্যাদি হস্তান্তর-প্রক্রিয়ায় মূসক আরোপকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। খসড়া আইনে পাঁচটি খাতে মূসক আরোপের বিধান রাখা হয়েছে। পণ্যের আমদানি পর্যায়; সকল পণ্য ও ব্যবসায়ী পর্যায়; সকল সেবা, স্থাবর সম্পদ; বন্ধক, অনুদান, লাইসেন্স, অনুমোদন, অধিকার, সুবিধা ইত্যাদির সরবরাহ; এবং সেবা আমদানির ওপর মূসক আরোপ করা যাবে। বর্তমান মূসক আইনে মূসকের হার ১৫ শতাংশ হলেও সংকুচিত ভিত্তিমূল্যে একাধিক করহার সৃষ্টি করা হয়েছে। কিন্তু খসড়া আইনে এ ধরনের সুযোগ রাখা হয়নি। বরং একক ও অভিন্ন হার হিসেবে ১৫ শতাংশই চূড়ান্ত করা হয়েছে।খসড়া মূসক আইনে ২১টি অনুচ্ছেদে ১৯৩টি শাখা রয়েছে। এসব অনুচ্ছেদের নিবন্ধন-প্রক্রিয়া, মূসক আরোপ, আমদানি পর্যায়ে মূসক, সরবরাহ পর্যায়ে মূসক, মূসক নির্ধারণ কৌশল, সম্পূরক শুল্ক, টার্নওভার ট্যাক্সসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী-শিল্পপতিদের মতামত নিয়েই মূসক আইনের খসড়াটি চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।১৯৯১ সালের মূসক আইনের সঙ্গে নতুন খসড়া আইনটির মধ্যে মৌলিক পার্থক্য তুলে ধরে একটি তুলনামূলক চিত্রও তৈরি করেছে এনবিআরের মূসক বিভাগ।মূসকের আওতায় আনা হয়েছে লটারি, র্যাফল ড্র, লাকি কুপন ইত্যাদি উদ্যোগকে। এর পাশাপাশি পর্যটনসেবা প্রতিষ্ঠান ও বিদ্যুৎ, গ্যাস, তেল ইত্যাদির অনাবাসী সরবরাহকারীকে মূসকের আওতায় আনা হয়েছে। বর্তমান আইনে টার্নওভার করের ক্ষেত্রে ৬০ লাখ টাকার নিচে তিন শতাংশ টার্নওভার কর দিতে হয়। নতুন আইন পাস হলে কোনো প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার ২৪ লাখ টাকা বা এর বেশি কিন্তু ৬০ লাখ টাকার নিচে হলে তিন শতাংশ হারে টার্নওভার কর প্রযোজ্য হবে।খসড়া আইনে যেকোনো প্রতিষ্ঠানে এখন অগ্রিম মূসক দেওয়ার বিধান রাখা হয়নি। তবে প্রতি মাসে রিটার্ন জমা দেওয়ার সময় মূসক দিতে হবে।স্বয়ংক্রিয় মূসক-ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মূলত এই খসড়া আইনটি প্রণয়ন করা হয়েছে। সে জন্য একটি কেন্দ্রীয় তথ্য সংরক্ষণাগার তৈরির কথা বলা হয়েছে। বর্তমানে কাগজে-কলমে হিসাব রাখা হয়। প্রি-পেইড কার্ডসহ আধুনিক টেলিযোগাযোগের সব পদ্ধতির ক্ষেত্রে মূসক-ব্যবস্থা বিদ্যমান আইনে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা নেই। একইভাবে বিক্রয় যন্ত্র, মিটার বা অন্য কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে মুদ্রা বা নোট বা টোকেন দ্বারা করযোগ্য পণ্যের সরবরাহের বিষয়টিও খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।নতুন আইনে মূসক কর্মকর্তাদের গ্রেপ্তার করার ক্ষমতা বিলোপ করা হয়েছে। একইভাবে করদাতাদের হয়রানি রোধে যেকোনো পণ্য পরিবহনকারী যানবাহন তল্লাশি ও আটকের ক্ষমতা বিলোপ করা হয়েছে।১৯৯১ সালের মূসক আইনে মূসক কর্মকর্তাদের ব্যাংক থেকে কোনো করদাতার তথ্য সংগ্রহের ক্ষমতা দেওয়া হয়নি। পরে তা সংশোধন করে সীমিত পরিসরে ক্ষমতা দেওয়া হয়। কিন্তু খসড়া আইনে ব্যাংক হিসাব জব্দসহ মূসক কর্মকর্তাদের ক্ষমতা আরও সুনির্দিষ্ট ও সম্প্রসারণ করা হয়েছে। চলতি অর্থবছর থেকেই এই আইনটি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ব্যবসায়ীদের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংকসহ দাতা দেশ ও সংস্থাগুলোর কাছ থেকে যুগোপযোগী মূসক আইন কার্যকর করার চাপ রয়েছে।