জলজট ও জাহাজজটে খরচ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুমে ভরা জোয়ার ও বৃষ্টিতে চাক্তাই-খাতুনগঞ্জে প্রায়ই জলাবদ্ধতার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে বন্দরে জাহাজজট। এই দুই কারণে গত এক সপ্তাহে চট্টগ্রাম থেকে সারা দেশে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালের সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত তৈরি হয়েছে। এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল বশর চৌধুরী। তিনি দেশের শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের চেয়ারম্যান। সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ মিলাদ

প্রথম আলো: জোয়ার ও বৃষ্টিতে চাক্তাই-খাতুনগঞ্জে বারবার পানি উঠছে। এবার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে?

আবুল বশর চৌধুরী: ২০০২-০৩ অর্থবছর থেকে চাক্তাই-খাতুনগঞ্জে বর্ষা মৌসুমে জোয়ারের পানি উঠতে শুরু করে। শুরুতে শুধু নিচু এলাকায় সামান্য পানি উঠত। এরপর থেকে বাড়ছে। গত সপ্তাহে চার দিন জলাবদ্ধতায় চাক্তাই-খাতুনগঞ্জসহ মাঝিরঘাট ও নিমতলার গুদামেও পানি ঢুকে বিপুল পরিমাণ ভোগ্যপণ্য নষ্ট হয়েছে। ১৯৯১ সালের পর গত ২৬ বছরে এবারের মতো বেশি পানি আর ওঠেনি। ব্যবসায়ীরা দোকানের সামনে উঁচু প্রতিরোধক দেয়াল নির্মাণের পরও এবার পানি ঠেকানো যায়নি। এতে বিদেশি মুদ্রায় কেনা বিপুল পরিমাণ ভোগ্যপণ্য নষ্ট হয়েছে। চাক্তাই ও খাতুনগঞ্জের নিচতলার অন্তত ৮০ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকেছে। পণ্য বেচাকেনার কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়ে। কম-বেশি সব ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন।

প্রথম আলো: এক দশকের বেশি সময় ধরে জলাবদ্ধতায় ক্ষতির শিকার হচ্ছে ব্যবসায়ীরা। এর দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে?

আবুল বশর চৌধুরী: চাক্তাই-খাতুনগঞ্জে এখন শুধু শীত মৌসুমে স্বস্তিতে বাণিজ্যিক কর্মকাণ্ড চালাতে পারেন ব্যবসায়ীরা। তবে বর্ষা মৌসুমে প্রায়ই ভুগতে হয় ব্যবসায়ীদের। এখনো বন্দর দিয়ে আমদানি হওয়া ভোগ্যপণ্যের ৪০ শতাংশ এখানকার ব্যবসায়ীরা আমদানি করেন। দেশের অন্য স্থানে সরবরাহ করা হয় এসব পণ্য। গত সপ্তাহে জলাবদ্ধতার সময় এই সরবরাহব্যবস্থা ভেঙে যায়। ক্রমবর্ধমান জোয়ার ও বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে এখানে ব্যবসায়িক কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যে অনেক ব্যবসায়ী নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নিয়েছেন। চাক্তাইয়ের চেয়ে পাহাড়তলী চালের বাজারে পরিসর বেড়েছে। এক জায়গা থেকে এভাবে পণ্যের বাজার শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে গেলে ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি বাড়বে।

প্রথম আলো: বন্দরে কয়েক মাস ধরে জাহাজজট লেগে আছে। জলাবদ্ধতার সঙ্গে এবার জাহাজজট ও পণ্য খালাসের অবকাঠামো-সংকটের কারণে ব্যবসায়ীরা কী কী ক্ষতির মুখে পড়ছে।

আবুল বশর চৌধুরী: চট্টগ্রাম বন্দর দিয়ে সমুদ্রপথে আমদানি-রপ্তানি পণ্যের ৯৩ শতাংশ আনা-নেওয়া হয়। অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিবছর এই বন্দর দিয়ে পণ্য পরিবহন বাড়ছে। কিন্তু সেভাবে বন্দরের জেটি নির্মাণ, যন্ত্রপাতিসহ অবকাঠামো উন্নয়ন হয়নি। এই যে গত সাড়ে নয় বছরে জেটি হয়নি সেটির মাশুল এখন দিচ্ছেন ব্যবসায়ীরা। এখন কনটেইনারে পণ্য আমদানি করতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। এই টাকা বিদেশি মুদ্রায় দিতে হচ্ছে। আবার কাঁচামাল কারখানায় সময়মতো না পৌঁছানোর কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। কাঁচামাল দেরিতে পাওয়ার কারণে আমার নিজের একটি কারখানায় সম্প্রতি কিছুদিন উৎপাদন বন্ধ ছিল। জাহাজ থেকে নামানোর পর বেসরকারি ডিপোতে নিয়ে যেসব পণ্য খালাস বাধ্যতামূলক সেসব পণ্য ডিপো পরিচালনাকারীরা সময়মতো নিতে পারছেন না। দিনে দিনে নেওয়ার কথা থাকলেও আট-দশ দিন লেগে যায়। বেসরকারি ডিপো থেকে একসঙ্গে বেশি কনটেইনার চাইলেই খালাস নেওয়া যায় না। এতেও খরচ বাড়ছে।

প্রথম আলো: ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালের বড় অংশই বহির্নোঙরে খালাস হয়। লাইটার জাহাজের সংকট ও ঘাটে সনাতন পদ্ধতিতে খালাসপ্রক্রিয়ায় ধীরগতি নিয়ে ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে অসন্তোষ আছে। কোনো উন্নতি তো হচ্ছে না।

আবুল বশর চৌধুরী: বন্দরে যেসব পণ্য আমদানি হয় তার ৭০ শতাংশই বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে স্থানান্তর করা হয়। এরপর চট্টগ্রামমুখী পণ্য কর্ণফুলী নদীর ১৬টি বেসরকারি ঘাটে এনে খালাস করা হয়। এ ছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, আশুগঞ্জ, নোয়াপাড়াসহ দেশের নানা স্থানে ঘাটে নিয়ে খালাস করা হয়। এই প্রক্রিয়ায় এখন বিশৃঙ্খলা চলছে। গত এক দশকে শুধু ভোগ্যপণ্য আমদানি দ্বিগুণ বাড়লেও তা খালাসের অবকাঠামো সুবিধা বাড়েনি। এ জন্য এখন পণ্য পরিবহনের জন্য চাহিদা দিয়েও পর্যাপ্ত লাইটার জাহাজ পাওয়া যাচ্ছে না। ফলে আগে যেখানে দিনে এক জাহাজ থেকে ছয় থেকে সাত হাজার টন খাদ্যশস্য খালাস করা যেত এখন সেখানে দেড় থেকে দুই হাজার টন খালাস হচ্ছে। ফলে একেকটি ৫০ হাজার টনবাহী জাহাজ থেকে যেখানে ১৫-১৮ দিনে সব পণ্য খালাস করার কথা সেখানে তা এক থেকে দেড় মাস সময় লাগছে। বাড়তি সময়ের জন্য প্রতিটি জাহাজের দিনে ১০ থেকে ১৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিচ্ছেন ব্যবসায়ীরা।

আবার ঘাটগুলো চালানো হচ্ছে সনাতন পদ্ধতিতে। কোনো আধুনিক যন্ত্রপাতি নেই। লাইটার জাহাজ ঘাটে ভেড়ানোর সুযোগ পেতেও দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। লাইটার জাহাজ থেকে খালাস বিলম্বের জন্য দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে। পণ্য খালাসে কোনো আধুনিকায়ন হয়নি। হিসাব করে দেখুন, বন্দরে বহির্নোঙরে পণ্যবোঝাই যেসব বড় জাহাজ আসে সেগুলো থেকে পণ্য খালাসে বিলম্ব হওয়ায় বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হচ্ছে ব্যবসায়ীদের। পণ্যের গুণগত মান নষ্ট হচ্ছে। বাড়তি দিনের ব্যাংক সুদও যোগ হচ্ছে। বছরে এই ক্ষতির পরিমাণ হাজার হাজার কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা এই ক্ষতিপূরণ দিলেও দিন শেষে তা ভোক্তাদেরই দিতে হচ্ছে। অবকাঠামো-সংকটের পাশাপাশি এখন জলজট ও জাহাজজটে ব্যবসার খরচ বেড়ে গেছে।

প্রথম আলো: পণ্য খালাসের ব্যবস্থায় আধুনিকায়ন কীভাবে সম্ভব?

আবুল বশর চৌধুরী: জাহাজ থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পণ্য খালাসে বিশ্বের উন্নত বন্দরগুলোতে সাইলোসহ বিশেষায়িত ব্যবস্থা আছে। উন্নত বন্দরে ৫০ হাজার টনের পণ্য জাহাজে বোঝাই বা খালাস করতে তিন-চার দিন সময় লাগে। আমাদের এখানে এক মাসেও খালাস করা যায় না। খাদ্যশস্য, শিল্পের কাঁচামালসহ খোলা পণ্য আমদানি বেড়ে যাওয়ায় এখন স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে পণ্য খালাসে উদ্যোগ নেওয়া উচিত। সরকার যদি না পারে, তাহলে এখানে বেসরকারি খাতকে সুযোগ দেওয়া যেতে পারে। যারা সবচেয়ে বেশি পণ্য আমদানি করে, তাদের অগ্রাধিকার দিয়ে নদীমুখে লাইটার জাহাজ থেকে পণ্য খালাসের ঘাট ও সাইলো নির্মাণের অনুমতি দিতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনুমতি পেলে নিজেদেরই প্রয়োজনে আধুনিক যন্ত্রপাতি দিয়ে পণ্য খালাসের ব্যবস্থা তৈরি করবে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো।

প্রথম আলো: আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে গতি আনতে দীর্ঘমেয়াদি সমাধান কি হতে পারে?

আবুল বশর চৌধুরী: সমুদ্রপথে আমদানি-রপ্তানি পণ্য ওঠানো-নামানোর জন্য বড় প্রকল্প ছাড়া কোনো সমাধান হবে না। বন্দর কর্তৃপক্ষ এখন বে টার্মিনাল নির্মাণের যে উদ্যোগ নিয়েছে তা দ্রুত বাস্তবায়ন করা দরকার। তার আগে স্বল্পমেয়াদি যে কটি টার্মিনাল নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেগুলোও বাস্তবায়ন করা উচিত। কনটেইনার টার্মিনালের পাশাপাশি খোলা পণ্যের ক্ষেত্রে বিশেষায়িত টার্মিনাল নির্মাণেও এখন নজর দেওয়ার সময় এসেছে। নদীর ওপারে বিশেষায়িত জেটি নির্মাণে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। আবার পণ্য সংরক্ষণে গুদামের আধুনিকায়ন অনিবার্য হয়ে উঠছে।