জলবায়ু তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান
জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিতে আছে দেশের দক্ষিণাঞ্চল। কিন্তু জলবায়ু তহবিলের অধীনে অধিকাংশ প্রকল্প অনুমোদন করা হচ্ছে দক্ষিণ-পূর্বাঞ্চলের জন্য। এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা যায়নি। একই সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার বিষয়টি উপেক্ষিত থেকেছে।এ ছাড়া, এমন অনেক প্রকল্প আছে যেগুলোর সঙ্গে জলবায়ু পরিবর্তনের কোনো সংশ্লিষ্টতা নেই। তহবিলের ৪৪ শতাংশ প্রকল্পই নেওয়া হয়েছে অবকাঠামো নির্মাণের জন্য। খাদ্য ও সামাজিক নিরাপত্তা এবং স্বাস্থ্য খাতের প্রকল্প আছে মাত্র ১৬ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্মপরিকল্পনা (বিসিসিএসএপি) বাস্তবায়ন ও জলবায়ু তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করা নিয়ে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। অক্সফাম ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বেসরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বৃহস্পতিবার এই গোলটেবিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিইউপির চেয়ারম্যান এম এ জলিল। মূল প্রবন্ধে সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী পরিচালক আহসান উদ্দিন আহমেদ বলেন, ‘জলবায়ুর অভিঘাতের কারণে বিপন্ন বাংলাদেশকে বাঁচাতে সরকারের গৃহীত কর্মপরিকল্পনা আন্তর্জাতিক মহলে সমাদৃত হয়েছে। তবে এটি বাস্তবায়নে আমাদের প্রাতিষ্ঠানিক ঘাটতি আছে।’ জলবায়ু বিশেষজ্ঞ আনছারুল করিম বলেন, ‘বিজ্ঞান, জনসাধারণ ও ভৌগোলিক বিষয় বিবেচনা করে প্রকল্প প্রণয়ন করা প্রয়োজন। অবশ্য এ জন্য একটি দিকনির্দেশনা থাকা উচিত।’ এখন থেকে সতর্কতার সঙ্গে জলবায়ু তহবিল ব্যবহার করলে দেশ ও জাতির উন্নতি হবে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশন টিমের সমন্বয়কারী ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘জলবায়ুর পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক বিষয়কে গুরুত্ব দিতে হবে। অন্যথায় কোনো একটি বিষয়ে এগিয়ে গেলেও আমরা অন্য ক্ষেত্রে আবার পিছিয়ে যাব।’ তিনি জানান, জলবায়ু তহবিলের অধীন গত বুধবার পর্যন্ত ১১৯টি প্রকল্প সরকারিভাবে গৃহীত হয়েছে।