জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ১১ কোটি টাকা দেবে জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশের উপকূলীয় জেলাগুলোতে দুর্যোগ-সহনীয় অবকাঠামো নির্মাণে ১১১ কোটি টাকা আর্থিক সহায়তা করবে জার্মানি। পরিকল্পনা কমিশনে গতকাল বুধবার উভয় পক্ষের মধ্যে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ ও বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেক্ট কনজ্ নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করবেন। ইআরডি সূত্র জানায়, জার্মানির দেওয়া এ অনুদান বরিশাল বিভাগের তিনটি উপকূলীয় জেলায় ব্যয় করা হবে। জেলাগুলো হলো: পটুয়াখালী, বরগুনা ও ভোলা। অনুদানের এই অর্থ তিন খাতে ব্যয় হবে। প্রথমত, উপকূলীয় এই তিন জেলার যোগাযোগব্যবস্থার উন্নয়নে দুর্যোগ-সহনীয় টেকসই সড়ক ও সেতু নির্মাণ করা হবে। দ্বিতীয়ত, স্থানীয় কৃষি ও অর্থনীতির বিকাশে গ্রামীণ হাটবাজারগুলো উন্নত করা হবে। বাজারগুলো আধুনিকায়নের পর সেখানে নারীদের জন্য ৩০ শতাংশ জায়গা রাখা হবে। তৃতীয়ত, আলোচ্য তিন জেলার জনগণকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে বাঁচাতে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। যাতে করে তাঁরা এসব কেন্দ্রে আশ্রয় নিতে পারেন। ‘ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন থ্রু ফ্লাড প্রোটেকশন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০১৭ সাল নাগাদ এ প্রকল্পের কাজ শেষ করা হবে।