জলবায়ুর অভিঘাত মোকাবিলায় দ্রুত বৈশ্বিক তহবিলের তাগিদ
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ (আইসিসি-বি) বলেছে, জলবায়ু পরিবর্তনের বিপর্যয় এড়াতে বাংলাদেশের দ্রুত বৈশ্বিক তহবিল থেকে অর্থ পাওয়ার বিষয়ে প্রচেষ্টা চালানো প্রয়োজন।আইসিসি-বির ত্রৈমাসিক বুলেটিনের সম্পাদকীয়তে এই পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয়, গত বছরের ২৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত কানকুনে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনকে নিয়ন্ত্রণে আনার বিষয়ে সমঝোতা হয়েছে। এতে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার জন্য একটি তহবিলও অন্তর্ভুক্ত হয়েছে। খসড়া দলিলে কার্বন নির্গমন কমানোর কথাও বলা হয়েছে। কিন্তু দেশগুলোর প্রতিশ্রুতি পূরণে কোনো কার্যপ্রণালি ধার্য করা যায়নি।সম্মেলনে ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা থেকে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে ২০২০ সালের মধ্যে বার্ষিক ১০ হাজার কোটি ডলার প্রদান এবং এসব দেশে ধীরগতির কার্বন নির্গমন উন্নয়নে সহায়তা করার কথা বলা হয়েছে। এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তিন হাজার কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। তবে চলমান প্রাকৃতিক দুর্যোগজনিত বিপর্যয়ের হাত থেকে মানবজাতিকে রক্ষার জন্য ২০২০ সাল অনেক দেরি বলে মনে করা হচ্ছে। আইসিসি-বির বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষত বাংলাদেশ ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের বিপর্যয়ের সম্মুখীন হতে শুরু করেছে। যেমন— প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড় ও অনাবৃষ্টি ইত্যাদি লেগেই আছে। এ ছাড়া জার্মান ওয়াচ গ্লোবাল ক্লাইমেট রিক্স ইনডেক্স (সিআরআই) ২০১১ প্রতিবেদন অনুযায়ী জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম।আইসিসি-বি মনে করে, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিকভাবে কোনো দিকনির্দেশনা দিতে পারবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ চীনের সঙ্গে দক্ষিণ এশিয়ার যে সীমান্ত রয়েছে, তা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী। যে কারণে চীন যদি তাদের গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সমর্থ না হয়, তাহলে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে সার্কের লড়াই খুব কমই ফলপ্রসূ হবে।জলবায়ু পরিবর্তনের ট্র্যাজেডি বিবেচনায় বিশেষজ্ঞরা বাংলাদেশকে ‘পোস্টার চাইল্ড’ হিসেবে বিবেচনা করেন। এই অঞ্চলের ভৌগোলিক এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে ভয়াবহ বন্যা ও বৈশ্বিক উষ্ণতার প্রভাব বেশি দৃশ্যমান হয়, যা অনাগত বছরগুলোতে আরও বাড়বে বলে ধারণা করা হয়। সে জন্য বাংলাদেশকে আন্তর্জাতিক গ্রিন ক্লাইমেট ফান্ডের একটি বড় অংশ পাওয়ার জন্য সর্বাত্মকভাবে কাজ করতে হবে। যাতে মানবসৃষ্ট বিপর্যয় থেকে দেশ ও জনগণকে রক্ষার প্রকল্পগুলো বাস্তবায়ন করা যায়।