জলবায়ুর পরিবর্তনে দক্ষিণ এশিয়ার বাণিজ্যও ক্ষতিগ্রস্ত
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। এসব দেশের সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেয়ে জমি উৎপাদনক্ষমতা হারাচ্ছে। খাদ্যনিরাপত্তা-ব্যবস্থা ভেঙে পড়ছে। বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে গতকাল শুরু হওয়া ‘বাণিজ্য, জলবায়ু পরিবর্তন এবং খাদ্যনিরাপত্তা: দক্ষিণ এশিয়ার উন্নয়নের উপায়’ শীর্ষক দুই দিনব্যাপী এক সেমিনারে এসব উদ্বেগ প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ এশীয় অঞ্চলের জন্য একটি সমন্বিত নীতি গ্রহণ করা এবং প্রত্যেক দেশের অভ্যন্তরীণ নীতিতে তা অন্তর্ভুক্ত করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল সকালে শ্রীলঙ্কার ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ (আইপিএস) কার্যালয়ে এই সেমিনারের উদ্বোধন করেন শ্রীলঙ্কার পরিবেশমন্ত্রী আনুরা প্রিয়দর্শনা ইয়াপা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইপিএসের নির্বাহী পরিচালক সামন কেলেগামা, সার্কের সাবেক মহাসচিব নিহাল রদ্রিগো, নেপালের সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনমিকস অ্যান্ড এনভায়রনমেন্টের (সাউতি) নির্বাহী চেয়ারম্যান পৌশ রাজ পান্ডে এবং মালদ্বীপের ইউএনএফসিসিসির পরিবেশ বিশেষজ্ঞ আমজাদ আবদুল্লাহ।আনুরা প্রিয়দর্শনা ইয়াপা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যগত ও খাদ্যনিরাপত্তায় বড় আঘাত হানছে। এমনকি দ্রুত বর্ধনশীল এ সংকট নতুন প্রজন্মের নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে। বক্তারা বলেন, বাংলাদেশসহ এ অঞ্চলের সব দেশই জলবায়ু পরিবর্তনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন। এমনকি খাদ্যবিনিময় ও সব ধরনের বাণিজ্যকেও বাধাগ্রস্ত করছে বাড়তে থাকা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ। কারিগরি অধিবেশনে বাংলাদেশের বীজ পরিস্থিতি ব্যাখ্যা করার পাশাপাশি সার্ক বীজ ব্যাংক গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রায়হান। তিনি বলেন, বীজ সংকট মোকাবিলা ও খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য সার্ক খাদ্য ভান্ডারের ব্যাংকের মতো বীজভান্ডার বা ব্যাংক গঠন জরুরি হয়ে পড়েছে।