সফররত ভুটানের উদ্যোক্তারা বাংলাদেশে জলবিদ্যুৎ, পর্যটন ও আইটি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য বাড়ানোর জন্য তামাবিল ও হিলির পাশাপাশি অন্যান্য স্থলবন্দরের কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহীমের সঙ্গে এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব ভুটানের পাঁচ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল বৈঠক করে এসব কথা জানান।রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারে আয়োজিত বৈঠকে সভায় ভুটানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব ভুটানের সভাপতি গেলে নিমা। এ সময় ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি টি আই এম নূরুল কবীর, পরিচালক সৈয়দ মোশারফ হোসেন, হোসেন এ শিকদার, মাহবুব আনাম, ওসমান গনি, কে এম এন মনজুরুল হক, এম আনওয়ারুল হক, আবছার করিম চৌধুরী এবং বাংলাদেশের ভুটান হাইকমিশনের ট্রেড কাউন্সিলর দর্জি রিনচেন ছিলেন বলে ডিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম ভুটানের বাণিজ্য প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভুটান দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশ থেকে ওষুধ, রসায়ন পণ্য, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য এবং তথ্যপ্রযু্ক্তি খাতের পণ্য ইত্যাদি আমদানির আহ্বান জানান। এফবিসিসিআইয়ের সংকলিত তথ্য থেকে জানা গেছে, ভুটানের সঙ্গে দ্বিপক্ষীয় বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ ভুটান থেকে এক কোটি ২০ ডলারের পণ্য আমদানির বিপরীতে রপ্তানি করেছে মাত্র ২২ লাখ ৪০ হাজার ডলারের পণ্য। অর্থাৎ এ সময় বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৯৭ লাখ ৮০ হাজার ডলার।