
বাংলাদেশ-ভুটানের বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকে উভয় দেশের প্রধান দুটি আগ্রহের বিষয় জলবিদ্যুৎ ও ট্রানজিট নিয়ে আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। তবে এই আলোচনা চলতে থাকবে।
গত মঙ্গলবার শুরু হয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে গতকাল বুধবার এ তথ্য জানা গেছে।
ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ। আর ভুটান চায় বাংলাদেশের সঙ্গে নৌপথে ট্রানজিট। বিষয় দুটি নিয়ে আগের বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকগুলোতেও আলোচনা হয়েছে, কিন্তু ফল দেখা যায়নি।
বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক শেষে সচিবালয়ে গতকাল বিকেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে ভুটানের সফররত একটি প্রতিনিধিদল। এরপর অনুষ্ঠিত হয় দুই দিনের বৈঠকের কার্যবিবরণী স্বাক্ষর অনুষ্ঠান। এতে সই করেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও ভুটানের অর্থনৈতিক-বিষয়ক সচিব দাশো ইয়াশি ইয়াংদি। বাণিজ্যমন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন।
তোফায়েল আহমেদ বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হিসেবে ভুটানকে ‘পরীক্ষিত ও অকৃত্রিম বন্ধু’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘আমরা ভুটানের চাওয়া না-চাওয়ার ব্যাপারে আন্তরিক। বর্তমানে তারা বাংলাদেশে ১৮টি পণ্যে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুযোগ পায়। আরও ১৫টি চেয়েছিল। তা আমরা সক্রিয়ভাবে বিবেচনা করব।’
তোফায়েল আহমেদের কাছে জলবিদ্যুৎ ও ট্রানজিট-সংক্রান্ত আলোচনায় কোনো অগ্রগতি হলো কি না, জানতে চাইলে কোনো জবাব দেননি তিনি। জবাব দেন অবশ্য বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। সচিব বলেন, ‘জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় এবং নৌ মন্ত্রণালয় এ ব্যাপারে বৈঠকে বসবে তাদের সঙ্গে।’
ট্রানজিটের জন্য চট্টগ্রাম-চাঁদপুর-মাওয়া-আরিচা-সিরাজগঞ্জ-দৈখাওয়া এবং মংলা-কাওখালী-বরিশাল-চাঁদপুর-মাওয়া-আরিচা চিলমারী-দৈখাওয়া—এই দুটি পথ চিহ্নিত করা হয়েছে কয়েক বছর আগেই। কিন্তু শুষ্ক মৌসুমে পানি না থাকায় নদী খনন করতে হবে। নদী খননের অর্থায়ন করতে হবে বাংলাদেশকেই। বিশ্বব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নিতে চাইলেও এতে ভারতের সম্মতির দরকার পড়বে বলে বৈঠকে আলোচনা হয়েছে।
আবার ভুটান থেকে যে জলবিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ, সেটিও সহজেই হচ্ছে না। এ ক্ষেত্রেও ভারতের সম্মতি লাগবে বলে ভুটান এরই মধ্যে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে। জলবিদ্যুতের জন্য শুধু ভুটানের সঙ্গে চুক্তি করলেই হবে না। ভারতকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় চুক্তি করতে হবে। গতকালের বৈঠক সূত্র জানায়, এসব বিষয়ে ভারতকে নিয়ে আলাদা বৈঠক করার ব্যাপারে মত এসেছে।
এদিকে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটে (বিএফটিআই) অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে বিষয়টির একটি ব্যাখ্যা দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়। তিনি বলেন, ‘ভুটান চায় তাদের বিদ্যুৎ খাতে আমরা বিনিয়োগ করি। তবে দেশটি থেকে জলবিদ্যুৎ আমদানি করতে আরও সময় লাগবে।’
দুই দেশের সরকারের সম্মতির পরও ভুটান থেকে আমদানির বিষয়টি ফয়সালা হচ্ছে না কেন জানতে চাইলে মনোজ কুমার রায় বলেন, ‘বাংলাদেশ ও ভুটানের মধ্যে সরাসরি কোনো সীমান্ত যোগাযোগ নেই। এ ক্ষেত্রে সঞ্চালনপথের জন্য অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করতে হবে।’ এটাই দেরির কারণ বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে ভুটানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব সুনামপি ওয়াংদি জানান, তাঁর দেশের ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। কিন্তু অত চাহিদা না থাকায় উৎপাদন করা হচ্ছে না।
বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, ভুটানে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ১৫ দিনের পরিবর্তে ৩০ দিনের ভিসা চালু, ঢাকা চেম্বারের সঙ্গে ভুটান চেম্বারের এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) সঙ্গে ভুটান স্ট্যান্ডার্ড ব্যুরোর (বিএসবি) সমঝোতা স্মারক সই, ট্যুরিজম কাউন্সিল অব ভুটানের (টিসিবি) সঙ্গে বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) যৌথভাবে কাজ করা ইত্যাদি বিষয়েও আলোচনা হয়েছে। তবে কোনো সমাধান বা সিদ্ধান্ত হয়নি। আগামী বছর ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠেয় বাণিজ্যসচিব পর্যায়ের পঞ্চম বৈঠকে এসব বিষয় নিয়ে আবার আলোচনা হবে বলে জানা গেছে।