জহির উদ্দিন আহমেদ আইসিএমএবির নয়া সভাপতি নির্বাচিত
জহির উদ্দিন আহমেদ ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া এ কে এম দেলোয়ার হোসেন ও মোহাম্মদ সেলিম সহসভাপতি নির্বাচিত হন। মো. জসিম উদ্দিন আকন্দ সচিব ও আরিফ খান কোষাধ্যক্ষ নির্বাচিত হন।জহির উদ্দিন আহমেদ ২০০২ সালে সার্কের অঙ্গসংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সভাপতি ছিলেন। তিনি ১৯৭৫-৭৬ এবং ১৯৮১ সালে আইসিএবি এবং ২০০৮ সালে আইসিএমএবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।এ কে এম দেলোয়ার হোসেন বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পরিচালক (অর্থ) হিসেবে কর্মরত রয়েছেন। মোহাম্মদ সেলিম বর্তমানে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির মহাব্যবস্থাপক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছেন। মো. জসিম উদ্দিন আকন্দ বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার ও আরিফ খান বর্তমানে জেনিথ ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এমডির দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।