তবুও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রবণতা বন্ধ হয়নি সিভিও পেট্রো ও রহিমা ফুডের
জাংক শেয়ার শ্রেণীতে যাচ্ছে তিন কোম্পানি
ছয় মাসেরও বেশি সময় ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানিকে ‘জেড’ বা জাংক শ্রেণীতে সরিয়ে নেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। পাশাপাশি তা ডিএসইর ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
যে তিনটি কোম্পানিকে জেড শ্রেণীতে সরিয়ে নেওয়া হচ্ছে সেগুলো হলো সিভিও পেট্রোকেমিক্যাল, রহিমা ফুড ও মডার্ন ডায়িং। এর মধ্যে প্রথম দুটি কোম্পানির শেয়ারের দাম সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বাড়ছে। গতকালও এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অব্যাহত ছিল।
ডিএসই জানিয়েছে, সিভিও পেট্রোকেমিক্যাল ও রহিমা ফুডকে ‘এ’ শ্রেণী এবং মডার্ন ডায়িংকে ‘বি’ শ্রেণী থেকে ‘জেড’ শ্রেণীতে সরিয়ে নেওয়া হচ্ছে। আজ বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। স্টক এক্সচেঞ্জের লেনদেন নিয়ন্ত্রণ বিধি ১৯৯৮ অনুযায়ী শ্রেণী পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসইতে বর্তমানে এ, বি, জি, এন ও জেড নামে মোট পাঁচটি শ্রেণী রয়েছে। এর মধ্যে সবচেয়ে দুর্বল মৌলভিত্তি বা জাংক শেয়ার হিসেবে যেসব কোম্পানি বিবেচিত হয়ে থাকে সেগুলো জেড শ্রেণীভুক্ত করা হয়। এই শ্রেণীভুক্ত শেয়ারের লেনদেন নিষ্পত্তিতে ১০ দিন সময় লাগে।
নতুন তালিকাভুক্ত কোম্পানিকে ‘এন’, ভালো মৌলভিত্তির কোম্পানিকে ‘এ’ এবং তার চেয়ে একটু কম ভালো মানের কোম্পানিকে ‘বি’ শ্রেণীভুক্ত করা হয়ে থাকে। ‘জি’ শ্রেণীটি নির্ধারিত গ্রিনফিল্ড মানে এখনো পুরোদমে উৎপাদনে আসেনি এমন কোম্পানির জন্য। যদিও বর্তমানে ডিএসইতে ‘জি’ শ্রেণীভুক্ত কোনো তালিকাভুক্ত কোম্পানি নেই।
এদিকে জাংক শ্রেণীতে স্থানান্তরের সিদ্ধান্তের দিনেও সিভিও পেট্রো এবং রহিমা ফুডের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে। এ দিন সিভিও পেট্রোর প্রতিটি শেয়ারের দাম প্রায় ৬২ টাকা বা ৭ শতাংশ বেড়ে হয়েছে প্রায় ৯৪৪ টাকা। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল। গত রোববার এটির লেনদেনের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে ডিএসই।
এর আগে সিভিও পেট্রোর শেয়ার নিয়ে কারসাজির দায়ে তিন প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এমনকি কোম্পানির সার্বিক বিষয় নিরীক্ষারও সিদ্ধান্ত নেয় বিএসইসি।
এ ছাড়া রহিমা ফুডের প্রতিটি শেয়ারের দাম গতকাল ১০ শতাংশ বা আট টাকা ৩০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯২ টাকায়। এক মাস ধরে কোম্পানিটির শেয়ারের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি চলছে। যদিও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এমন মূল্যবৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই।
মডার্ন ডায়িংয়ের প্রতিটি শেয়ারের দাম গতকাল পাঁচ শতাংশ বা পাঁচ টাকা কমে দাঁড়িয়েছে প্রায় ৯৫ টাকায়।