দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে (এসএমই) অর্থায়নের জন্য দেওয়া জাপানের সাহায্য সংস্থা জাইকার তহবিল আগামী মার্চ মাস থেকে বিতরণ করা হবে। এসএমই খাতের উন্নয়নে জাইকা ৪১৫ কোটি টাকার এই তহবিলের জোগান দিয়েছে।বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে স্বল্প সুদ ও সহজ শর্তে আট বছর মেয়াদের জন্য এই অর্থ এসএমই উদ্যোক্তাদের ঋণ দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে পুনঃ অর্থায়ন সুবিধার আওতায় মাত্র ৫ শতাংশ সুদে এই টাকা নিয়ে ব্যাংক ও অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তাদের মধ্যে তা বিতরণ করবে।জানা গেছে, জাইকার দেওয়া তহবিল থেকে অর্থ নিয়ে এসএমই খাতের কোন কোন ক্ষেত্রে তা বিতরণ করা যাবে, কোথায় বিতরণ করা যাবে না, তা ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে। এ বিষয়ে ব্যাংক ও অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সভা অনুষ্ঠিত হয়েছে। গত দুই দিনে এই বৈঠকগুলো হয়েছে।বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এসব বৈঠকে জাইকার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জানা যায়, আবাসন, মৎস্য, কৃষিসহ কিছু খাতে এই তহবিল বিতরণ করা যাবে না বলে বৈঠকে জানানো হয়েছে।উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংক ও বিশ্বব্যাংক থেকে এর আগে পাওয়া অর্থ সাহায্য দিয়ে এসএমই খাতের অর্থায়নের জন্য তিনটি তহবিল গঠন করা হয়েছে। এসব তহবিলে বাংলাদেশ সরকারের অংশগ্রহণও আছে। বাংলাদেশ ব্যাংক এসব তহবিল থেকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পুনঃ অর্থায়ন করে আসছে যেন তারা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ দিতে পারে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে জানা যায়, এসব পুনঃ অর্থায়ন তহবিল থেকে ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত মোট দুই হাজার ৬১ কোটি টাকা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বর শেষে ২০১০ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকব্যবস্থা থেকে বিতরণ করা এসএমই ঋণের স্থিতি ছিল ৭৮ হাজার ৩৭৯ কোটি ৭৪ লাখ টাকা।