জাইকার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার ঋণ চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএমই খাতের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের অন্যতম দ্বিপক্ষীয় সহায়তা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সির সঙ্গে প্রায় ৫০০ কোটি টাকার ঋণ চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমানের উপস্থিতিতে দেশের মোট ২১টি ব্যাংক ও ১৮টি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকেরা জাইকার বাংলাদেশ মিশনের প্রধান টাকাও টোডার সঙ্গে এ ঋণ চুক্তি সই করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক গত তিন বছর ধরে এসএমই খাতের উন্নয়নে নিরন্তর কাজ করছে। বিশেষ করে ব্যাংকিং ব্যবস্থাকে উদ্যোক্তা-বান্ধব করতে এবং নারী উন্নয়নের লক্ষে কেন্দ্রীয় ব্যাংক নানামুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি মানের শিল্প উদ্যোগ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজগুলোর (এসএমই) মধ্য ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রকল্পে অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গত ১৮ মে সরকার ও জাইকার মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ওই চুক্তি অনুযায়ী ‘ফাইন্যান্সিয়াল সেক্টর প্রজেক্ট ফর দ্য ডেভেলপমেন্ট অব স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস-এফএসপিডিএসএমই (বিডি-পি৬৭)’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় জাপান সরকার দেশের এসএমই খাতে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণের বাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দক্ষতা উন্নয়নসহ এসএমই খাতে মধ্য ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রকল্পে অর্থায়নের জন্য প্রায় ৫০০ কোটি টাকা (পাঁচ হাজার মিলিয়ন ইয়েন) সহায়তা প্রদান করবে।আতিউর রহমান বলেন, মধ্য ও দীর্ঘমেয়াদে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উত্পাদনমুখী বিনিয়োগ চাহিদা পূরণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে অর্থায়ন করতে পারে সে লক্ষ্যে ব্যাংক নির্ধারিত হারে (বর্তমানে ৫ শতাংশ) তহবিল সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের সুবিধার্থে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পছন্দ অনুযায়ী ‘প্রিফাইন্যান্স’ ও ‘রিফাইন্যান্স’ এই দুই মডেলে দুই সপ্তাহের মধ্যে অর্থায়ন নিশ্চিত করা হবে। এ ছাড়া প্রকল্পের আওতায় ঋণদানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাজার ভিত্তিক সুদ-হার ধার্য করতে পারবে। তবে কোনোভাবেই গোপনীয় ফি আরোপ করতে পারবে না। অর্থায়নকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রকল্প কর্তৃপক্ষ ও উদ্যোক্তাকে ঋণের শতকরা প্রকৃত ব্যয় অবহিত করতে বাধ্য থাকবে বলেও জানান গভর্নর।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, এ প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংক ও নন-ব্যাংক প্রতিষ্ঠানগুলোকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিষয়টি অবহিত করেছিল। এর ভিত্তিতে অর্থায়ন ও পুনঃ অর্থায়নের এই সুবিধা পেতে আগ্রহী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মোট ২১ টি ব্যাংক ও ১৮টি আর্থিক প্রতিষ্ঠানকে নির্বাচিত করে কেন্দ্রীয় ব্যাংক।এসএমই খাতে অর্থায়ন ও পুনঃ অর্থায়নের জন্য জাইকা ব্যক্তি ও প্রতিষ্ঠানভিত্তিক ঋণ দেবে। এক শতাংশ সুদ হারের বিনিময়ে বাংলাদেশকে এই অর্থ প্রদান করছে জাইকা। স্বল্প মধ্য ও দীর্ঘ মেয়াদি এ প্রকল্পের আওতায় এসএমই উদ্যোক্তাদের বাজার-ভিত্তিক প্রচলিত সুদ হারে ঋণ প্রদান করবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, এসএমই ঋণ প্রদানের ক্ষেত্রে আমরা উত্পাদনশীল খাতকে জোর দিচ্ছি। এ ছাড়া নারী উদ্যোক্তাদের দিকেও জোর দেওয়া হচ্ছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে এ ঋণ বিতরণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।