জাকারবার্গ ও জেফ বেজোসকে টপকে গেলেন অ্যালিসন

মাত্র সপ্তাহ তিনেকের ব্যবধানেই বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় সপ্তম থেকে পঞ্চম স্থানে উঠে গেলেন যুক্তরাষ্ট্রের সফটওয়্যার, হার্ডওয়্যার ও প্রোগ্রামিং সার্ভিস প্রদানকারী কোম্পানি ওরাকলের চেয়ারম্যান ল্যারি অ্যালিসন। বর্তমানে তাঁর নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫ বিলিয়ন বা ৫ হাজার কোটি ডলার। বিশ্বখ্যাত মার্কিন ম্যাগাজিন বা সাময়িকী ফোর্বস এ তথ্য প্রকাশ করেছে।
এর আগে ২ মার্চ ফোর্বস বিশ্বের শীর্ষ ধনীদের যে তালিকা প্রকাশ করে, তাতে ৪ হাজার ৩৬০ কোটি মার্কিন ডলারে নিট সম্পদমূল্য নিয়ে সপ্তম অবস্থানে ছিলেন অ্যালিসন। গত বুধবার তিনি ওই তালিকায় ষষ্ঠ স্থানে থাকা ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে পেছনে ফেলেন। মাত্র দুই দিনের মধ্যেই তিনি আরেক ধাপ এগিয়ে বৈশ্বিক অনলাইন প্রতিষ্ঠান আমাজনের সিইও জেফ বেজোসকেও (বর্তমান সম্পদমূল্য ৪ হাজার ৯০০ কোটি ডলার) পেছনে ঠেলে পঞ্চম হয়ে যান।
ওরাকলের ত্রৈমাসিক আয় ও শেয়ারের দাম বেড়ে যাওয়ার সুবাদেই ল্যারি অ্যালিসন দুই ধাপ এগোলেন। তবে তথ্যপ্রযুক্তি খাতের কথা বিবেচনা করলে তিনিই বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী। তাঁর সামনে শুধু বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস।
ল্যারি অ্যালিসন ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রতিবছরই ফোর্বস-এর তৈরি বিলিয়নিয়ারদের (শত কোটি ডলার থেকে বেশি সম্পদের মালিক) তালিকায় প্রথম দিকেই রয়েছেন। এর মধ্যে ২০১৩ সাল থেকে তিনবার তিনি পঞ্চম হয়েছিলেন। এ বছর তাঁকে পেছনে ফেলে এগিয়ে যান শীর্ষ দশে প্রথমবারের মতো জায়গা পাওয়া জেফ বেজোস ও মার্ক জাকারবার্গ।