জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা পেল আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক ব্যবসায়িক সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছে। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে এ মর্যাদা কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত মঙ্গলবার জাতিসংঘের এক অধিবেশনে সংস্থাটির ১৯৩টি সদস্যদেশ আইসিসিকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে। ফলে এই প্রথমবারের মতো কোনো ব্যবসায়ী সংগঠন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পর্যবেক্ষক হওয়ার স্বীকৃতি পেল। বর্তমানে বিশ্বের ১০০টি দেশে আইসিসির কার্যক্রম রয়েছে। এর সদস্যসংখ্যা ৬০ লাখের বেশি।
ঢাকায় আইসিসি বাংলাদেশ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, জাতিসংঘের পর্যবেক্ষকের তালিকা খুবই সীমিত এবং নীতিগতভাবে আন্তসরকারি প্রতিষ্ঠানসমূহই এটির পর্যবেক্ষক হয়ে থাকে। আইসিসি পর্যবেক্ষকের মর্যাদা পাওয়ায় জাতিসংঘে প্রথমবারের মতো ব্যবসায়ীদের পক্ষে সরাসরি মতপ্রকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে জাতিসংঘের অনুমোদিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের এজেন্ডা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নে বেসরকারি আইসিসি বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতিফলন ঘটাতে পারবে।
আইসিসি সভাপতি সুনীল ভারতী মিত্তাল বলেন, জাতিসংঘ ব্যবসায়ী সম্প্রদায়কে যে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনায় নিয়েছে, আইসিসির পর্যবেক্ষক মর্যাদা পাওয়া সে ইঙ্গিতই বহন করে। তিনি বলেন, ‘আরও উন্নত ও শান্তিপূর্ণ পৃথিবীর জন্য ব্যবসায়ীদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এটা তারই স্বীকৃতি। আমাদের সমাজ জলবায়ু পরিবর্তন, ব্যাপক অভিবাসনসহ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, সেগুলো মোকাবিলা করার এটাই একমাত্র পথ।’
আইসিসি বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইসিসি বিশ্বব্যাপী জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ও প্রতিষ্ঠানসমূহকে জলবায়ু পরিবর্তন ও বাণিজ্যিক মানদণ্ডের তথ্য সরবরাহ ও বিশেষজ্ঞ প্রতিবেদন দিয়ে সহযোগিতা করে আসছে।
আইসিসির মহাসচিব জন ডেনিলোভিচ বলেন, আইসিসি পর্যবেক্ষক মর্যাদা পাওয়ার ফলে জাতিসংঘের সঙ্গে বেসরকারি খাতের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশা করেন।