জাতীয় ভর্তুকি নীতিমালা তৈরির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার লেকশোর হোটেলে গতকাল সিপিডি আয়োজিত বাংলাদেশে ভর্তুকি ব্যবস্থাপনাবিষয়ক সংলাপে অতিথিরা l প্রথম আলো
ঢাকার লেকশোর হোটেলে গতকাল সিপিডি আয়োজিত বাংলাদেশে ভর্তুকি ব্যবস্থাপনাবিষয়ক সংলাপে অতিথিরা l প্রথম আলো

উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে শিল্প, জ্বালানি, বিদ্যুৎ, কৃষিসহ নানা খাতে সরকার প্রতিবছর ভর্তুকি দিয়ে থাকে। তবে ভর্তুকি হিসেবে বিতরণ করা অর্থের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে একটি বিভ্রান্তি সব সময়ই কাজ করে। চলতি ২০১৪-১৫ অর্থবছরেও ভর্তুকির বরাদ্দ ৩০ হাজার কোটি টাকা না ১৬ হাজার কোটি টাকা, তা নিয়ে এখনো বিতর্ক আছে। এ বিভ্রান্তি দূর করতে ভর্তুকিবিষয়ক একটি জাতীয় নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বাংলাদেশে ভর্তুকি ব্যবস্থাপনা নিয়ে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে গতকাল শনিবার আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে এ আহ্বান জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। সংলাপ অনুষ্ঠানে ‘বাংলাদেশের ভর্তুকি ব্যবস্থার কার্যকারিতা ও বণ্টনের মান’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিথি গবেষক কানিজ সিদ্দিকী। সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘গত এক দশকে বাংলাদেশের অবকাঠামোগত অনেক পরিবর্তন হয়েছে, একই সময়ে বিভিন্ন খাতের দেওয়া ভর্তুকিতেও এসেছে পরিবর্তন। বিশ্ববাজারে জ্বালানি তেল ও সারের পড়তি দামের কারণে সরকার ভর্তুকি ব্যবস্থাপনা নিয়ে নতুনভাবে চিন্তা করতে পারে। একটি নতুন জাতীয় নিয়ন্ত্রণ নীতিমালা তৈরি করে এই ভর্তুকিতে সামঞ্জস্য আনার এখনই উপযুক্ত সময়।’
মূল প্রবন্ধে কানিজ সিদ্দিকী বলেন, বাজার ব্যবস্থাপনার ও বিভিন্ন খাতকে এগিয়ে নিতে সরকারের ব্যর্থতা রয়েছে। এটা সামাল দিতে নীতিগত উপাদান হিসেবে ভর্তুকি দেওয়া হচ্ছে।
রপ্তানি, খাদ্য, জ্বালানি, বিদ্যুৎ ও কৃষি—এই পাঁচ খাতে সরকার প্রতি বছর কী পরিমাণ ভর্তুকি দেয় তার একটি তুলনামূলক পরিসংখ্যান এবং নীতিমালার দিকটিও গবেষণায় তুলে আনা হয়।
গবেষণার ফলাফল বলছে, ভর্তুকি এখনো বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেনি। ভর্তুকির ফলে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণেও সরকার অনেকটাই সফল হয়েছে। প্রতিটি খাতে দেওয়া ভর্তুকির সুফল এবং এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব চুলচেরা বিশ্লেষণও করা প্রয়োজন বলে গবেষণার সুপারিশে উল্লেখ করা হয়েছে। ভর্তুকির বণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সুপারিশও করা হয়েছে গবেষণায়।
অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, সমাজের বৈষম্য ও দারিদ্র্য দূর করতেই সরকার বিভিন্ন খাতে ভর্তুকি দিয়ে থাকে। অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব আছে বলেই হঠাৎ করে তা তুলে দেওয়া সম্ভব নয়, উচিতও নয়।
ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পেছনে ভর্তুকি চালিয়ে যাওয়ার সমালোচনা করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) প্রফেসরিয়াল ফেলো এম আসাদুজ্জামান। তিনি বলেন, ‘ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে কাকে কী পরিমাণ ভর্তুকি দেওয়া হচ্ছে, সেটি খুবই অস্বচ্ছ। এভাবে ভর্তুকি দেওয়ার ফলে তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে কী না সেটি ভেবে দেখতে হবে।’
ইকোনমিক রিসার্চ গ্রুপের গবেষণা পরিচালক সাজ্জাদ জহির ভর্তুকির যথাযথ সংজ্ঞা নির্ধারণ করার আহ্বান জানান। ভর্তুকির পরিমাণ নির্ধারণে বাজারদর না হিসাবমূল্য ব্যবহার করা হবে, সে বিষয়ে একটি সামঞ্জস্য থাকা উচিত বলে তিনি মত দেন।
পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম বলেন, ১২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা দিতে সরকারের খরচ হয় ২৭ হাজার কোটি টাকা, আর ভর্তুকিতে সরকারের খরচ ৩০ হাজার কোটি টাকা। রপ্তানি বাড়াতে যে ভর্তুকি দেওয়া হয় সেটি কার্যকরভাবে ব্যবহার করা হলে তা বিনিয়োগের চেয়েও ভালো ফল নিয়ে আসে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, যে লক্ষে বিভিন্ন খাতে ভর্তুকি দেওয়া হচ্ছে সেটি কতটুকু অর্জিত হচ্ছে তার খাতভিত্তিক গবেষণা হওয়া দরকার। ভর্তুকি ব্যবস্থাপনায় উন্নতি, সমতা ও স্বচ্ছতা বাড়ানোর যথেষ্ট সুযোগ আছে।
সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, জাতীয় বাজেটে ভর্তুকি একটি গুরুত্বপূর্ণ নীতিকৌশল। সামগ্রিক অর্থনীতিকে ভর্তুকি অনেক সময় চাপে ফেলে এটি যেমন সত্য, আবার অনেক খাতের চাপ কমাতেও এটি কাজ করে।