জাতীয় মূসক দিবসে সম্মাননা পেল ১৩১ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রীর সঙ্গে সর্বোচ্চ মূসক প্রদানকারী সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা
অর্থমন্ত্রীর সঙ্গে সর্বোচ্চ মূসক প্রদানকারী সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা

জাতীয় মূল্য সংযোজন কর (মূসক) দিবস উপলক্ষে বৃহৎ নয়টি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। আর জেলা পর্যায়ে সম্মাননা পেয়েছে ১২২টি প্রতিষ্ঠান। ২০১১-১২ অর্থবছরে সর্বোচ্চ মূসক পরিশোধ করায় এসব প্রতিষ্ঠানকে এই সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বুধবার মূসক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে নয়টি প্রতিষ্ঠানের পাশাপাশি ঢাকা বিভাগের ২১টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। জাতীয় পর্যায়ে সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ হলো: ব্যবসা খাতে কাশেম ড্রাইসেল লিমিটেড, মেসার্স তিয়ানসি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড ও আড়ং উত্তরা শাখা; সেবা খাতে মেসার্স ব্যুরো ভেরিতাস কনজুমার প্রোডাক্টস সার্ভিসেস লিমিটেড, ডিএইচএল ও অন মোবাইল গ্লোবাল লিমিটেড; উৎপাদন খাতে সিলেটের কৈলাসটিলা গ্যাস ফিল্ড, হরিপুর গ্যাস ফিল্ড ও হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ড। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া বক্তব্য দেন শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফসিসিআই) সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। এনবিআর সদস্য ফরিদউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদস্য ফিরোজ শাহ আলম।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, ২০১৫ সালে নতুন মূসক আইন কার্যকর হবে। তখন আর দুই নম্বরি হিসাব রাখার প্রয়োজন হবে না। সেই আইনানুযায়ী ১৫ শতাংশ মূসক আরোপ একটু বেশি। তবে এই হার কিছুটা নামবে। তিনি মত দেন, এই আইনটি পুরোপুরি বাস্তবায়ন করতে পুরো ব্যবস্থা স্বয়ংক্রিয় হতে হবে। আশা করি, ২০১৫ সালের মধ্যে তা করা সম্ভব। অর্থমন্ত্রীর মতে, ব্যবসায়ী ও উৎপাদকদের সততার দিকে আকৃষ্ট করে মূসক। নৈতিক চরিত্র গঠনেও বড় অবদান রাখছে মূসক। অর্থমন্ত্রী বলেন, মানুষের কল্যাণের জন্য রাজস্ব আদায় করতে হবে। কর প্রদানব্যবস্থা সহজ ও স্বতঃস্ফূর্ত করতে হবে। মূসক আদায় করা হয় সম্পদ সৃষ্টির জন্য, আর আয়কর আদায় করা হয় সম্পদ আহরণের জন্য। ফরিদউদ্দিন বলেন, বৈদেশিক সাহায্য আর আগের মতো পাওয়া যায় না। এটা সার্বভৌম রাষ্ট্রের জন্য সুখকরও নয়। তাই অভ্যন্তরীণ রাজস্ব আহরণে বেশি নজর দিতে হবে।
ফরিদউদ্দিনের মতে, পরিবেশ আরেকটু অনুকূলে থাকলে ৮-৯ শতাংশ মোট দেশজ প্রবৃদ্ধি অর্জন করা যেত। আর এক লাখ ৩৬ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য অর্থনীতির বিবেচনায় বেশি নয়।
মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘গত ছয় মাসে রাজনৈতিক অস্থিরতা ছিল, তাই ব্যবসা করতে পারি নাই। আগামী ছয় মাস ব্যবসা করতে পারব কি না, সন্দেহ রয়েছে। আপনারা (এনবিআর কর্মকর্তা) আরও বেশি মূসক আদায় করতে চান—সেটা কীভাবে সম্ভব।’ এর আগে সকালে মূসক দিবস উপলক্ষে কাকরাইলে শোভাযাত্রার আয়োজন করে এনবিআর। এতে এনবিআর কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবীরা অংশ নেন।
ঢাকা বিভাগের প্রতিষ্ঠানসমূহ: ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ২১ প্রতিষ্ঠানকে উৎপাদন, সেবা ও ব্যবসায়ী ক্যাটাগরিতে সর্বোচ্চ মূসক পরিশোধকারী হিসেবে সম্মাননা দেওয়া হয়। ঢাকা জেলার টেকনো ভেঞ্চার লিমিটেড, আইএসডি ইন্টার স্কুল ও আড়ং মগবাজার শাখা; মুন্সিগঞ্জের এএনজেট কপার ইন্ডাস্ট্রিজ, মালা মিষ্টান্ন ভান্ডার ও সেলিম অ্যান্ড ব্রাদার্স; নারায়ণগঞ্জের আবুল খায়ের স্টিল প্রোডাক্টস, সিকিউরা বিডি এবং আর এইচ ট্রেডিং; নরসিংদীর আরএফএল প্লাস্টিক লিমিটেড; গাজীপুরের অ্যাকোয়া মিনারেল ওয়াটার অ্যান্ড সলবেন্টস প্লান্টস, ডি কস্তা ইউটিলিটি সার্ভিস এবং ম্যারিকো বাংলাদেশ; ময়মনসিংহের রানার মোটরস, উত্তরা মোটরস ও সুপারসাইন ইন্ডাস্ট্রিজ; মানিকগঞ্জের রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও মাহীন ট্রেডার্স; টাঙ্গাইলের মেসার্স মাসাফি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জুপিটার এন্টারপ্রাইজ; জামালপুরের হেমাস কনজুমার ব্র্যান্ডস।