জাতীয় সংসদে পাস হলো ডিমিউচুয়ালাইজেশন বিল
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা থেকে মালিকানাকে পৃথক করতে ‘এক্সচেঞ্জেস ডিমিউচুয়ালাইজেশন বিল-২০১৩’ গতকাল সোমবার সংসদে পাস হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। আইনে বলা আছে, আইনটি কার্যকর হওয়ার ৯০ দিনের মধ্যে স্টক এক্সচেঞ্জগুলো তাদের প্রস্তাবিত ‘ডিমিউচুয়ালাইজেশন স্কিম’ প্রয়োজনীয় কাগজপত্রসহ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দেবে, যা পরবর্তী ৬০ দিনের মধ্যে বিএসইসি অনুমোদন দেবে। এর মধ্য দিয়ে স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।আইনের ১৫ ধারায় বলা হয়েছে, এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশনের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে পরিচালনা পর্ষদের প্রথম সভার আয়োজন করবে। ডিমিউচুয়ালাইজেশন হওয়া এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠ সদস্য স্বতন্ত্র পরিচালক হবেন। পরিচালনা পর্ষদ স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচিত করবে।আইনের ২০ ধারায় বলা হয়েছে, এক্সচেঞ্জ বা তার পরিচালক, সদস্য, প্রধান নির্বাহী কর্মকর্তা বা আইনে উল্লেখ আছে এমন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই আইনের কোনো বিধান পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এক্সচেঞ্জকে অন্যূন ১০ লাখ টাকা জরিমানা অথবা এক্সচেঞ্জের নিবন্ধন সনদ স্থগিত করতে পারবে।এ ছাড়া এক্সচেঞ্জের কোনো পরিচালক, সদস্য, কর্মকর্তা, কমিটির সদস্য, শেয়ারধারী জ্ঞাতসারে আইনটি অমান্য করলে তাঁদের সর্বনিম্ন এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এ ছাড়া স্টক এক্সচেঞ্জের সদস্য, পরিচালক, কর্মকর্তা-কর্মচারীদের বেলায় সদস্যপদ স্থগিত, বাতিল ও অপসারণের বিধান রয়েছে।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, এক্সচেঞ্জের লেনদেনের অধিকার থেকে মালিকানা ও ব্যবস্থাপনা পৃথক না হলে স্বার্থের সংঘাত সৃষ্টি হয় এবং বিনিয়োগকারী, তথা জনস্বার্থ ব্যাহত হয়। এই আইন প্রণয়নের ফলে স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে প্রতিযোগিতা, পরিচালন ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।২০১০ সালে পুঁজিবাজারধসের পর ডিমিউচুয়ালাইজেশনের বিষয়টি সামনে চলে আসে। পুঁজিবাজার কেলেঙ্কারির ঘটনা তদন্তে কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত কমিটি তাদের প্রতিবেদনে এই সুপারিশ তুলে ধরে।