জাতীয় আসবাবপত্র মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে ছয় দিনব্যাপী দশম জাতীয় আসবাবপত্র মেলা, যা ১১ অক্টোবর পর্যন্ত চলবে।বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রধান অতিথি হিসেবে মেলাটির উদ্বোধন করেন। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি আয়োজন করেছে এই মেলার। এবার মেলার স্লোগান হলো, ‘আমার দেশ আমার আশা, দেশীয় ফার্নিচারে সাজাব বাসা।’আয়োজকেরা জানান, এই মেলার উদ্দেশ্য হলো স্থানীয় আসবাবপত্রের প্রচার এবং দেশি-বিদেশি ক্রেতাদের এই পণ্যের গুণগত মান সম্পর্কে অবহিত করা। তাঁরা বলেন, বাংলাদেশে তৈরি আসবাবপত্র আন্তর্জাতিক মানসম্পন্ন।৮২টি প্রতিষ্ঠান ২৭৫টি স্টলের মেলায় অংশ নিয়েছে। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলায় প্রবেশের ক্ষেত্রে কাউকেই কোনো ফি দিতে হবে না। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রথম সহসভাপতি জসিম উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব সেলিম এইচ রহমান, মেলা আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি কে এম আকতারুজ্জামান। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে সারা বিশ্বে আসবাবপত্রের বাজারের আকার বছরে ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি মার্কিন ডলার। এই বাজারে বাংলাদেশের স্থান করে নেওয়ার সুযোগ রয়েছে। ফারুক খান জানান, ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ থেকে ২১ মিলিয়ন বা দুই কোটি ১০ লাখ ডলার মূল্যের আসবাবপত্র রপ্তানি হয়েছে। এবার ২৫ মিলিয়ন বা আড়াই কোটি ডলারের আসবাবপত্র রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।বাণিজ্যমন্ত্রী আসবাবপত্রের কাঁচামালের ওপর আরোপিত শুল্ককর প্রত্যাহারের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন বলে জানান। ফারুক খান আরও বলেন, আসবাবপত্র একটি জাতির রুচিবোধের পরিচয় বহন করে। একটি জাতিকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলতে এটি একটি ভালো মাধ্যম। তিনি আসবাবপত্র ব্যবসায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। জসিম উদ্দিন জানান, দেশের মোট আসবাবপত্রের ৮০ শতাংশের জোগান দেয় স্থানীয় শিল্প। সম্ভাবনাময় এই শিল্পকে আরও সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানান তিনি। জালাল আহমেদ বলেন, ‘আসবাবপত্র শিল্পের উন্নয়নে উদ্যোগ নিয়েছে ইপিবি। আগামী রপ্তানি নীতিমালায় যাতে আসবাবপত্র শিল্পের সুবিধা হয় সেই চেষ্টা করব।’ কে এম আকতারুজ্জামান বলেন, ন্যায্য সুযোগ-সুবিধা পেলে আসবাবপত্র শিল্পে ৫০ লাখ লোকের কর্মসংস্থান হবে। বর্তমানে এই শিল্পে ২০ লাখ লোক কাজ করে।এই মেলার মাধ্যমে ফার্নিচার মেলার মাধ্যমে দেশি-বিদেশি বাজার খুঁজে বের করা হবে বলে কে এম আকতারুজ্জামান উল্লেখ করেন।