জাতীয় উৎপাদনশীলতা দিবস কাল
জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে আগামীকাল রোববার ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উদ্যাপন করা হবে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে—‘টেকসই প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা অপরিহার্য’।
জাতীয় উৎপাদনশীলতা দিবসটি পালন উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) আওতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকাল আটটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন সংলগ্ন সড়ক থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রায় শিল্প ও কৃষি মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্প-কারখানার মালিক, শ্রমিক ও কর্মচারীরা অংশ নেবেন।
এ ছাড়া সকাল ১০টায় রাজধানীর এফবিসিসিআই মিলনায়তনে ‘টেকসই প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা অপরিহার্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। এনপিও এ সেমিনার আয়োজন করছে।
দিবসটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশনে টকশো সম্প্রচার করা এবং জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। পাশাপাশি মোবাইল ফোন অপারেটররা খুদে বার্তা ও ভয়েস মেইল পাঠিয়ে উৎপাদনশীলতা বিষয়ে জনগণকে সচেতন করবে।