জাতীয় উৎপাদনশীলতা পরিষদের সভা পাঁচ বছর পর হতে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা উন্নয়নের নীতিমালা ও কৌশল নির্ধারণের বিষয়ে সরকার নিয়মিতভাবে পরামর্শ দেওয়ার লক্ষ্যে ৩৭ সদস্যবিশিষ্ট একটি বহুপক্ষীয় জাতীয় উৎপাদনশীলতা পরিষদ (এনপিসি) রয়েছে। পরিষদ সরকার, মালিক, শ্রমিক প্রতিনিধি, পেশাজীবী, গবেষক ও শিক্ষাবিদের সমন্বয়ে গঠিত।কিন্তু দীর্ঘ পাঁচ বছরে শিল্প মন্ত্রণালয়ের অধীনে এই পরিষদের কোনো সভা অনুষ্ঠিত হয়নি। ২০০৫ সালের ২০ জুলাই পরিষদের সপ্তম সভা অনুষ্ঠিত হয়। অষ্টম সভাটি একই বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আর হয়নি। শেষ পর্যন্ত অবশ্য চলতি মাসের ১৪ তারিখে সভা অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে পরিষদের সদস্যদের কাছে সভার কার্যপত্র পাঠানো হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, সপ্তম সভায় ১২টি সিদ্ধান্ত নেওয়া হয়, যার অধিকাংশই বাস্তবায়ন করা হয়নি। বৈঠকে এনপিসির সভা নিয়মিত আয়োজন করার দায়িত্ব জাতীয় উৎপাদনশীলতা সংস্থার (এনপিও) ওপর দেওয়া হয়েছিল। কিন্তু সংস্থাটি এই কাজে ব্যর্থ হয়েছে। সর্বশেষ সভায় উৎপাদনশীলতার ওপর বহুপক্ষীয় জাতীয় সম্মেলন করার সিদ্ধান্ত হয়। আর ২০০৫ সালে শিল্পনীতি অনুসারে প্রতিবছর জানুয়ারি মাসকে উৎপাদনশীলতার মাস ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি করে একটি বহুপক্ষীয় জাতীয় সম্মেলনের আয়োজন করার কথা। এ ছাড়া উৎপাদনশীলতা ও গুণগত মানের ওপর পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু অর্থের অভাবে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হয়নি বলে আগামী সভার কার্যপত্রে জানানো হয়েছে। দেশের বিদ্যালয়গুলোর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রমে উৎপাদনশীলতা বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনপিওকে দায়িত্ব দেওয়া। কিন্তু এ বিষয়ে কোনো ধরনের অগ্রগতি হয়নি। তা ছাড়া দাতা সংস্থার অর্থায়নে এনপিওর ভবন নির্মাণ, যন্ত্রপাতি সংগ্রহ এবং কারখানা পর্যায়ে উৎপাদনশীলতা কার্যক্রম ও কর্মকর্তাদের পেশাগত কর্মদক্ষতা উন্নয়নে একটি উন্নয়ন প্রকল্প গ্রহণের প্রস্তাব করা হয়। প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়া হলেও কোনো দাতা সংস্থার কাছ থেকে প্রয়োজনীয় অর্থ না পাওয়া এটি বাস্তবায়িত হয়নি। এ ছাড়া দীর্ঘ পাঁচ বছরে উৎপাদনশীলতা আইনের খসড়া প্রণয়ন করা সম্ভব হয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, এনপিসির অষ্টম সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। এর মধ্যে আছে: উৎপাদনশীলতার উন্নয়নে সরকার, মালিক, শ্রমিক প্রতিনিধি, পেশাজীবী, গবেষক ও শিক্ষাবিদদের উপস্থিতিতে একটি জাতীয় সম্মেলন আয়োজন করা। এতে প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে। আর এই সম্মেলনেই উৎপাদনশীলতা সপ্তাহ ঘোষণা করে তা নিয়মিত পালন করা হবে। বছরের যেকোনো একটি দিনকে উৎপাদনশীলতা দিবস হিসেবে পালন করা হবে। এ ছাড়া সভায় এনপিওর জমিতে ভবন নির্মাণে অর্থায়নের ব্যবস্থা করা, দেশের বিভিন্ন বিভাগে উৎপাদনশীলতার আঞ্চলিক কার্যালয় স্থাপনের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং কলকারখানা ও প্রতিষ্ঠানগুলোয় উৎপাদনশীলতা বৃদ্ধি ও তথ্য সংগ্রহে জোর দেওয়ার বিষয়ও আলোচিত হবে। এ ছাড়া যেসব কলকারখানা ও প্রতিষ্ঠানে উৎপাদনশীলতার উন্নয়নে ও গুণগতমানে ব্যতিক্রমী অবদান রাখতে সক্ষম সেসব প্রতিষ্ঠানকে উৎপাদনশীলতা ও গুণগত পুরস্কার দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।