জাতীয় গ্রিডে আরও ৫৪ মেগাওয়াট বিদ্যুৎ দেবে কুশিয়ারা পাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশি ঠিকাদারিতে সিলেটের ফেঞ্চুগঞ্জে সদ্যনির্মিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কুশিয়ারা পাওয়ার কোম্পানি লিমিটেড। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
দেশি ঠিকাদারিতে সিলেটের ফেঞ্চুগঞ্জে সদ্যনির্মিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কুশিয়ারা পাওয়ার কোম্পানি লিমিটেড। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

সিলেটের ফেঞ্চুগঞ্জে সদ্য চালু হওয়া কুশিয়ারা পাওয়ার কোম্পানি লিমিটেড জাতীয় গ্রিডে প্রতিদিন গড়ে ১১৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। আগামী ডিসেম্বর নাগাদ প্রতিষ্ঠানটি জাতীয় গ্রিডে আরও ৫৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।

দেশীয় প্রকৌশল, ক্রয় (প্রকিউরমেন্ট) ও নির্মাণ (ইপিসি) ঠিকাদারের মাধ্যমে নির্মিত বিদ্যুৎকেন্দ্রটি গত ২২ জুলাই থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান দেড় বছরেরও কম সময়ে বেসরকারি এই বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে। দেশীয় প্রকৌশলী ও নির্মাণশ্রমিক দিয়ে এই কাজ সম্পন্ন করা হয়।

উদ্যোক্তাদের দাবি, কুশিয়ারা পাওয়ার কোম্পানি লিমিটেড হচ্ছে ইপিসি ঠিকাদারের মাধ্যমে নির্মিত দেশের প্রথম বিদ্যুৎ প্রকল্প।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মইনপুর এলাকায় ৯ দশমিক ২৭ একর জায়গাজুড়ে স্থাপন করা হয় কুশিয়ারা পাওয়ার কোম্পানি। এটি গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র।

ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের একাধিক প্রকৌশলীর সঙ্গে আলাপ করে জানা যায়, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়। বছর দেড়েকের মধ্যেই এই কেন্দ্রে সিঙ্গেল সাইকেলে শুরু হয়েছে বিদ্যুৎ উৎপাদন। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে কম্বাইন্ড সাইকেলের উৎপাদন শুরু হবে। তখন কেন্দ্রটির উৎপাদনক্ষমতা আরও ৫৪ মেগাওয়াট বাড়বে।

বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ প্রকল্পের পরিচালক মাহালিঙ্গাম প্রথম আলোকে  বলেন, বাংলাদেশে কুশিয়ারা পাওয়ার কোম্পানিই প্রথম এত অল্প সময়ে নির্মাণকাজ সম্পন্ন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয়েছে।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নবনির্মিত এই বিদ্যুৎকেন্দ্রে সিঙ্গেল সাইকেলে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কম্বাইন্ড সাইকেলের নির্মাণকাজ চলছে। সব কাজই করছেন দেশের প্রকৌশলী ও নির্মাণশ্রমিকেরা। তবে নির্মাণকাজে আন্তর্জাতিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানান প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একজন কর্মকর্তা বলেন, বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে ৮০ জন প্রকৌশলীসহ মোট ৯৫০ জন কর্মী কাজ করছেন। প্রকল্পটি নির্মাণে মোট ব্যয় দাঁড়াবে ১ হাজার ৮০ কোটি টাকা।

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, ‘দেশে এই প্রথম মাত্র ১৭ মাসে নির্মাণকাজ সম্পন্ন করে আমরা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পেরেছি। দেশীয় ইপিসি ঠিকাদারের মাধ্যমে কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণেরও প্রথম উদাহরণ এটি।’ তা ছাড়া এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দেশে প্রথমবারের মতো উন্মুক্ত গ্যাস ইন্সুলেটেড সুইচ ইয়ার্ড (জিআইএস) ও ইন্সুলেটেড ফেস বাস ডাক্টের (আইপিবিডি) সমন্বিত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

গোলাম মোহাম্মদ আলমগীরের দাবি, সম্পূর্ণ আন্তর্জাতিক মান নিশ্চিত করে কর্মীদের নিরাপত্তা ও আশপাশের পরিবেশের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রেখে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। দেশীয় ইপিসি ঠিকাদারের বদলে বিদেশি প্রতিষ্ঠান এই কাজ করলে নির্মাণব্যয় অনেক বেড়ে যেত এবং সময়ও লাগত বেশি। এ ছাড়া জবাবদিহিরও তেমন সুযোগ থাকত না। দেশীয় প্রতিষ্ঠান কাজ করায় ব্যয় প্রায় তিন শতাংশ কম হয়েছে। কুশিয়ারা পাওয়ারের মাধ্যমে একটি উদাহরণ তৈরি হওয়ায় ভবিষ্যতে অন্যান্য দেশি প্রতিষ্ঠানও ইপিসি ঠিকাদারের মাধ্যমে বিদ্যুৎ প্রকল্প স্থাপনে এগিয়ে আসবে বলে তিনি মনে করেন।