শুধু আন্তর্জাতিক নয়, অভ্যন্তরীণ বাজারেও চায়ের চাহিদা বাড়ছে। কিন্তু বাড়ছে না উৎপাদন। কমছে চা চাষে ব্যবহূত জমির পরিমাণ। চায়ের রপ্তানিও দিন দিন কমে যাচ্ছে। অথচ চায়ের উৎপাদন বাড়ানোর ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে দেশে।এসব কথা উল্লেখ করে দেশে প্রথমবারের মতো ‘জাতীয় চা নীতিমালা’ প্রণয়নের উদ্যোগের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে এ বিষয়ে প্রণীত প্রথম খসড়ার ওপর এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।সভায় বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন, অতিরিক্ত সচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুল হাসান, চা সংসদের চেয়ারম্যান মো. সাফওয়ান চৌধুরী, সাবেক চেয়ারম্যান লায়লা রহমান কবির এবং বাণিজ্য মন্ত্রণালয় ও চা বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘আগামী ফেব্রুয়ারির মধ্যে খসড়া নীতিমালা চূড়ান্ত করা হবে। তারপর তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে মন্ত্রিপরিষদে। এর আগে জনগণের মতামত আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’চা নীতিমালার খসড়া আগামীকাল বৃহস্পতিবার থেকে চা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটের ঠিকানা: www.teaboard.gov.bd।সূত্র জানায়, চা নীতিমালা সম্পর্কে কারও কোনো পরামর্শ, মতামত বা উপদেশ থাকলে তা ওয়েবসাইটে ৩১ জানুয়ারির মধ্যে জানাতে হবে।তবে কেউ লিখিতভাবে জানাতে চাইলে চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ড, মতিঝিলের ঠিকানায় লিখে জানাতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও মতামতের অনুলিপি পাঠানো যাবে।বাণিজ্যমন্ত্রী বলেন, হেক্টরপ্রতি গড় উৎপাদন ও চা চাষে ভূমির ব্যবহার বাড়িয়ে চা-শিল্পে বাংলাদেশ একটি অবস্থান তৈরি করবে। তিনি জানান, সুযোগ ও সম্ভাবনা কাজে লাগিয়েই এই শিল্পকে বিপুল লাভজনক করা সম্ভব। বিকাশমান চা-শিল্পের জন্য ভূমির যথাযথ ব্যবহার করা দরকার।বাণিজ্যমন্ত্রী বলেন, গবেষণা ও উন্নয়ন, বাজারজাতকরণ, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরিবেশের ভারসাম্য রক্ষাসহ চা-শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।