জাতীয় টেকসই উন্নয়ন কৌশল অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। সরকারের প্রেক্ষিত পরিকল্পনা, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বিদ্যমান অন্য পরিকল্পনার ভিত্তিতে প্রণীত এই কৌশলপত্র অনুমোদন করা হয়।গতকাল মঙ্গলবার এনইসির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুমোদিত কৌশলপত্রে বলা হয়েছে, ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের অর্থনীতির মর্যাদা অর্জনের লক্ষ্যে চ্যালেঞ্জসমূহের মধ্যে অন্যতম হলো টেকসই উন্নয়ন অর্জন। এতে অর্থনৈতিক, সামাজিক ও স্থিতিশীল পরিবেশের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজনীয় কৌশলসমূহ গ্রহণ করা হয়েছে। কৌশলপত্রে বিশাল জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত সেবা, সামাজিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাকে বৃহত্তম চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া টেকসই উন্নয়নের জন্য চ্যালেঞ্জগুলো হচ্ছে: দারিদ্র্য ও অসমতা, অপরিকল্পিত নগরায়ণ, জ্বালানি নিরাপত্তা, অদক্ষ পানি ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন। কৌশলসমূহের মধ্যে রয়েছে এমন একটি অর্থনীতি গড়ে তোলা, যেখানে ক্রমবর্ধমান প্রবৃদ্ধি পরিলক্ষিত হয় এবং এর সুফল সমাজের সব স্তরে সমভাবে প্রবাহিত হয়। এ ছাড়া নিয়ন্ত্রণমূলক কাঠামো (রেগুলেটরি ফ্রেমওয়ার্ক) প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং সুদৃঢ় জ্ঞানের ভিত্তি গড়ে তোলা টেকসই উন্নয়নের কৌশল হিসেবে উল্লেখ করা হয়েছে। সভা শেষে পরিকল্পনাসচিব ভুঁইয়া সফিকুল ইসলাম সাংবাদিকদের এই কৌশলের বিভিন্ন দিক অবহিত করেন। তিনি বলেন, ১৯৯২ সালের ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন শীর্ষক সম্মেলনের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সব সদস্য এ ধরনের জাতীয় টেকসই উন্নয়ন কৌশল গ্রহণে অঙ্গীকারবদ্ধ হয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশ এই কৌশল গ্রহণ করেছে। এনইসির গতকালের সভায় মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবেরা উপস্থিত ছিলেন।