জাতীয় নিয়োগ কৌশলপত্র প্রণয়নের তাগিদ

কর্মসংস্থান বাড়াতে সমন্বিত জাতীয় নিয়োগ কৌশলপত্র প্রণয়নের ওপর জোর দিয়েছেন গবেষক, অর্থনীতিবিদ ও শিল্প উদ্যোক্তারা। আজ সকালে সোনারগাঁও হোটেলে আয়োজিত কর্মসংস্থান বিষয়ক এক কর্মশালায় এ অভিমত তুলে ধরা হয়। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালার আলোচকেরা চাকরির বাজারে নারীর অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ গ্রহণের তাগিদ দেন। এ জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা।
বাংলাদেশের কর্মসংস্থান পরিস্থিতির বিশ্লেষণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ও সরকারের জ্যেষ্ঠ সচিব শামসুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ থমাস ফারোলে ও ইংইয়ং সো।
বিশ্বব্যাংক বাংলাদেশ কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্যানেল আলোচনায় আলোচক ছিলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ফয়সল আহমেদ, শিল্প উদ্যোক্তা ও অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষণা ফেলো নাজনীন আহমেদ প্রমুখ।
আলোচকেরা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের শিল্প খাতে উৎপাদন সক্ষমতা বাড়লেও কর্মসংস্থান কমে গেছে। প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়ায় তৈরি পোশাক শিল্প খাতে কর্মসংস্থান খুব একটা বাড়ছে না। ভবিষ্যতে শিল্পে প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে। তাতে কর্মসংস্থান আরও বেশি হুমকি পড়বে। এ কারণে কারিগরি প্রশিক্ষণ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রযুক্তিগত শিক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে বলে পরামর্শ দেন আলোচকেরা। এ জন্য সমন্বিত জাতীয় নিয়োগ কৌশল প্রণয়নের ওপর জোর দেওয়া হয় আলোচনায়।