জাতীয় পতাকা হাতে রাস্তায় নামবেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বর্তমান রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে ৮ ফেব্রুয়ারি রোববার জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নামবেন ব্যবসায়ীরা।
‘টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত’ দীর্ঘ এ অবস্থান কর্মসূচি ওই দিন দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১৫ মিনিট চলবে। এ সময় বাজানো হবে জাতীয় সংগীত।
পরিচালনা পর্ষদের জরুরি সভা এবং সংগঠনের সাবেক সভাপতিদের সঙ্গে বৈঠক করে গতকাল রোববার এমন সিদ্ধান্ত নিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। আর সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ।
এ সময় এফবিসিসিআই সভাপতি আরও জানান, ওই কর্মসূচি পালন শেষে ব্যবসায়ীরা রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে স্মারকলিপি দেবেন। তবে যদি তাঁরা ব্যবসায়ীদের সময় দেন।
এর আগে ২০১৩ সালে বছরজুড়ে চলা রাজনৈতিক অস্থিরতা ও ঘন ঘন হরতাল-অবরোধের প্রতিবাদে ওই বছরের ১৫ ডিসেম্বর সারা দেশে সাদা পতাকা নিয়ে মানববন্ধন করেছিলেন ব্যবসায়ীরা। এফবিসিসিআই ওই কর্মসূচির নাম দিয়েছিল ‘প্রতিবাদ বন্ধন’।
সাবেক সভাপতিদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, ইউসুফ আবদুল্লাহ হারুন, মীর নাসির হোসেন, আনিসুল হক, এ কে আজাদ, মেট্রো চেম্বারের সাবেক সভাপতি রোকেয়া আফজাল রহমান ও বর্তমান সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বৈঠকে এ কে আজাদ আশঙ্কা প্রকাশ করেন, বিদ্যমান এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে। এ অবস্থায় এফবিসিসিআইয়ের এগিয়ে আসা এবং নানা কর্মসূচি পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
মীর নাসির হোসেন রাজনৈতিক এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান হওয়া উচিত বলে মত দেন।
ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, কোনো রাজনৈতিক দলই সমঝোতা করতে চায় না। এভাবে চলতে পারে না। আলোচনা ছাড়া সমাধান সম্ভব নয় বলে মত দেন তিনি।
অবশ্য দুপুরে পরিচালনা পর্ষদের জরুরি সভা শেষে এফবিসিসিআই সভাপতি সাংবাদিকদের বলেন, ‘সংলাপ হলেই যে সবকিছু হয়ে যাবে, না হলে কিছুই হবে না এটা ঠিক না। ইচ্ছা থাকলেই সবকিছু হতে পারে।’
কাজী আকরাম বলেন, ‘আমরা দেশ বাঁচানোর জন্য জাতীয় পতাকা হাতে নিয়ে পথে দাঁড়িয়ে যাব। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পালিত হবে এ কর্মসূচি। আমাদের স্লোগান হবে দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও।’ ২০১৩ সালে এমন কর্মসূচি পালন করে তো কোনো ফল হয়নি—এমন প্রশ্নের জবাবে কাজী আকরাম বলেন, ‘একটা কাজ তো শুরু করতে হয়, আমরা একটা কর্মসূচি নেব। সেটা পালন করব। তারপর তাঁদের সঙ্গে (দুই নেত্রী) দেখা করব। দেখা করেও কোনো ফল না হলে আমরা এমন কিছু করব যাতে তারা আমাদের কথা শুনতে বাধ্য হন।’
পর্ষদসভার বৈঠকে এফবিসিসিআইয়ের দুই সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও হেলাল উদ্দিনসহ অন্য পরিচালকেরা উপস্থিত ছিলেন।
আদালতে যাওয়া বিবেচনায় আছে: গত ১০ জানুয়ারি সংবাদ সম্মেলন করে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম বলেছিলেন, সংলাপের উদ্যোগ ব্যর্থ হয়েছে। এবার আর কোনো উদ্যোগ নেওয়া হবে না। সম্ভব হলে তাঁরা আইনি পদপেক্ষ নেবেন।
এই ঘোষণার পর হরতাল-অবরোধ বন্ধে আইনি পদক্ষেপ নেওয়া যায় কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করে এফবিসিসিআই। কমিটি এরই মধ্যে পাঁচজন আইনজ্ঞকে এ বিষয়ে তাঁদের লিখিত মতামত জানানোর অনুরোধ করে। এর মধ্যে দুজন তাঁদের মতামত দিয়েছেন।
এফবিসিসিআই সূত্র বলছে, আইনজ্ঞরা জানিয়েছেন, হরতাল বন্ধের দাবিতে আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। তবে অবরোধ বন্ধের দাবিতে আদালতে যাওয়া যেতে পারে। অবরোধ যেহেতু জোর করে পালন করা হয় এবং এখনকার অবরোধ অনেক সহিংস ও এতে বিপুল ক্ষয়ক্ষতি হচ্ছে, তাই ক্ষয়ক্ষতির বিষয়টি সামনে এনে আদালতে যাওয়া যেতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে কাজী আকরাম সাংবাদিকদের বলেন, ‘আইনি পথে প্রতিকার চাওয়ার বিষয়টি আমাদের সক্রিয় বিবেচনায় আছে। আমরা সেখান থেকে সরে আসিনি। ভারতীয় আদালতে বন্ধ্-এর বিরুদ্ধে রায় আছে। আমরা আশা করি, অবরোধের বিরুদ্ধে একটা প্রতিকার পাওয়া যাবে।’