জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের কার্যক্রম ১৫ মার্চ শুরু
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো তৈরি হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের নীতিমালা ও প্রবিধানমালা তৈরির কাজও শেষ। আগামী সপ্তাহেই অধিদপ্তরের প্রধান কার্যালয় কারওয়ান বাজারের টিসিবি ভবনে স্থানান্তর করা হবে।আর গত নভেম্বরে গঠিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের মাঠপর্যায়ের কার্যক্রম শুরু করা হবে আন্তর্জাতিক ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস ১৫ মার্চ।গতকাল রোববার সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরিষদের চেয়ারম্যান বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সভাপতিত্বে এতে ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব গোলাম হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের মহাপরিচালক মো. আবুল হোসেন মিঞা, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক এ কে ফজলুল আহাদ ও পরিষদের সদস্যরা পস্থিত ছিলেন।সূত্র জানায়, ভোক্তা অধিকার আইনের প্রবিধানমালার ব্যাপারে পরিষদের সদস্যদের কোনো মতামত থাকলে তা ২৮ ফেব্রুয়ারির মধ্যে লিখিতভাবে জানাতে হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এবারই প্রথম সরকারি উদ্যোগে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস উদ্যাপন করা হচ্ছে। দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘আমার অর্থ, আমার অধিকার’।সভা শেষে বাণিজ্যসচিব গোলাম হোসেন সাংবাদিকদের জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবে প্রকৃত অর্থে একটি ডিজিটাল অধিদপ্তর। এর কর্মকর্তারা ল্যাপটপ ও আধুনিক সুবিধাসংবলিত মোবাইল ফোনসেট পাবেন; জনগণ যাতে লিখিত, এসএমএস, ফ্যাক্স ও ই-মেইলের মাধ্যমে অভিযোগ দিতে পারে।২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭-৫৬ নম্বর ধারায় শাস্তির ধরনের মধ্যে এক থেকে তিন বছর কারাদণ্ড, ৫০ হাজার থেকে দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ড অথবা কোনো কোনো ক্ষেত্রে মালামাল বাজেয়াপ্ত করা হবে বলে উল্লেখ রয়েছে। বৈঠকে এসব ব্যাপারে বিক্রেতা ও ভোক্তা উভয়ের সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়।২০০৯ সালের ২৪ নভেম্বর বাণিজ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে সরকার ২৯ সদস্যবিশিষ্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ গঠন করে। পরিষদের প্রথম সভা গত ৯ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। গতকাল অনুষ্ঠিত হয় দ্বিতীয় সভা।সভায় আন্তর্জাতিক ভোক্তা অধিকার সংরক্ষণ দিবসের কয়েকটি কর্মসূচি নির্ধারণ করা হয়। এগুলো হচ্ছে, এদিন চারটি দল ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সেবা সংস্থাগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ করছে কি না তা পরিদর্শন করবে। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে আয়োজন করবে একটি সেমিনারের। এ ছাড়া ইলেকট্রনিক মিডিয়ায় ভোক্তা অধিকার-সংক্রান্ত সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা হবে।