জাতীয় শিল্পনীতি অনুমোদিত
শিল্পোন্নয়নের মাধ্যমে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) উচ্চতর প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। এ বিষয়কে অগ্রাধিকার দিয়ে জাতীয় শিল্পনীতি-২০১০ মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।অনুমোদিত শিল্পনীতিতে বলা হয়েছে, উদ্দীপ্ত ও গতিশীল ব্যক্তি খাত হবে আগামী দিনের শিল্প খাতের অন্যতম নিয়ামক। আর অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে।তবে বেসরকারি খাতের দক্ষতা ও গতিশীলতা বজায় রাখতে সরকার সহায়ক এবং তদারকিমূলক ভূমিকা পালন করবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে গতকাল সোমবার অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে শিল্পনীতি ২০১০-এর খসড়াটি অনুমোদন দেওয়া হয়।শিল্পনীতিতে আগামী ২০১৩ সালের মধ্যে জিডিপির প্রবৃদ্ধির হার আট শতাংশ এবং ২০১৭ সালে তা ১০ শতাংশে উন্নীত করে ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।বিশেষ অর্থনৈতিক অঞ্চল, রাষ্ট্রায়ত্ত শিল্পসংস্কার, শিল্প পার্ক, হাইটেক পার্ক, বেসরকারি ইপিজেড প্রতিষ্ঠা, শিল্পায়নে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও বিকাশ, ক্ষুদ্র, মাঝারি, মাইক্রো ও কুটিরশিল্পের উন্নয়ন, বিদেশি বিনিয়োগ, রপ্তানিমুখী ও রপ্তানি সংযোগশিল্প এবং পুঁজিবাজারের উন্নয়ন এবারের শিল্পনীতির অন্যতম বৈশিষ্ট্য।অনুমোদিত শিল্পনীতিতে বলা হয়েছে, অবকাঠামো উন্নয়নের সব প্রচেষ্টায় ব্যক্তি খাতের অংশগ্রহণ এবং শক্তি খাতে পিপিপিকে সক্রিয়ভাবে উৎসাহিত করা হবে। প্রাধিকারমূলক দৃষ্টি দেওয়া হবে বিদ্যুৎ, গ্যাস, বন্দরসুবিধা, সড়ক ও রেলপথ পরিবহন, টেলিযোগাযোগ ইত্যাদিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর প্রয়োজনের প্রতি।আরও বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত শিল্পের ব্যবস্থাপনা উন্নয়নের জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে এবং এগুলোর জন্য শিল্প খাতের প্রতিযোগিতামূলক ক্ষমতা সৃষ্টি করা হবে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত শিল্পকে ব্যক্তি খাতের পরিপূরক ও প্রতিযোগী হিসেবে উপস্থিত করা হবে। বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পূর্ণ সরকারি থেকে ক্রমান্বয়ে প্রাধিকার দেওয়া হবে পিপিপির দিকে। যেসব রুগ্ণ শিল্প পুনরায় চালু করার সুযোগ বা সম্ভাবনা নেই, সেগুলো শনাক্ত করা হবে। দেশি বিনিয়োগের পাশাপাশি উৎসাহিত করা হবে বিদেশি বিনিয়োগকে। অন্যদিকে লাভজনকভাবে চালু করার প্রচেষ্টা নেওয়া হবে সরকারি পাটকলগুলো।অনুমোদিত শিল্পনীতি অনুসারে, বিশেষায়িত অঞ্চলে পর্যাপ্ত শ্রমিক প্রশিক্ষণের সুযোগ থাকবে। এছাড়া দূষণপ্রবণ উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোর মেট্রোপলিটন এলাকা থেকে অন্য জায়গায় স্থানান্তরে কোনো ধরনের বাধা সৃষ্টি হবে না। অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের জন্য যেসব জমি নির্বাচন করা হবে, সেগুলো হবে অনুৎপাদনশীল ও অনুর্বর জমি।