জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল তৈরি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের নেওয়া সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো কীভাবে নেওয়া উচিত, বরাদ্দ কেমন হওয়া উচিত? এসব প্রশ্নের সমাধানে একটি স্থায়ী জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলের (এনএসপিএস) খসড়া তৈরি করেছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)।
এই কৌশলটি ২০১৫ সালের জুলাই মাস থেকে বাস্তবায়নের কথা রয়েছে। খসড়ায় বলা হয়েছে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশ অর্থ সামাজিক সুরক্ষায় খরচ করা হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে সামাজিক উন্নয়ন নামে নতুন মন্ত্রণালয় অনুমোদনের সুপারিশ করা হয়েছে খসড়ায়। ২০২১ সালের মধ্যে ৫০ শতাংশ মানুষকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
খসড়ায় আরও বলা হয়েছে, বর্তমানে সামজিক সুরক্ষার জন্য ৩০টির বেশি সংস্থা সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করছে, যার মধ্যে বেশ কয়েকটি একই ধরনের, জটিল ও অপর্যাপ্ত। সুবিধাভোগী চিহ্নিত করার কাজে সংস্থাগুলোর পরস্পরের মধ্যে কাজের সমন্বয় নেই।
এই প্রসঙ্গে জিইডি সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, সরকারের পক্ষে সামাজিক নিরাপত্তা খাতে একেবারে খরচ বাড়ানো সম্ভব নয়। পর্যায়ক্রমে খরচ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরের মধ্যে জিডিপির ৩ শতাংশ খরচ করা সম্ভব হবে। তিনি মনে করেন, শুধু সরকারের একার পক্ষে গরিব মানুষকে সামাজিক নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। সরকার শুধু কর্মসূচির মাধ্যমে অর্থ বিনিয়োগ করবে। তবে গরিব মানুষের কর্মসংস্থান তৈরি করতে উদ্যোগ নিতে পারে বেসরকারি খাত।
তবে জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলটির খসড়া নিয়ে সরকারের উচ্চপর্যায়েও বেশ আপত্তি রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে এই খসড়ার ওপর আলোচনা করতে গিয়ে এর তীব্র সমালোচনা করেছেন বর্তমান সরকারের বেশ কয়েকজন মন্ত্রী।
এই তালিকায় রয়েছেন খোদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী প্রমুখ। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানও খসড়ার বেশ কয়েকটি লক্ষ্য নিয়ে একমত প্রকাশ করেননি।
সেই অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, খসড়ায় ৫০ শতাংশ মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় আনার পরিকল্পনাটি যৌক্তিক নয়।