জাতীয় হস্তশিল্প নীতিমালা প্রণয়নের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের হস্ত ও কুটিরশিল্প খাতের উন্নয়নে জাতীয় হস্তশিল্প নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয়ে বাংলা ক্রাফেটর পরিচালকমণ্ডলীর সঙ্গে এক বৈঠকে গতকাল রোববার শিল্পমন্ত্রী এ কথা বলেন। শিল্পমন্ত্রী আরও বলেন, হস্তশিল্প নীতিমালার লক্ষ্য হবে আধুনিক ও টেকসই হস্ত ও কুটিরশিল্প খাত গড়ে তোলা। এই নীতিমালার আলোকে হস্ত ও কুটিরশিল্প খাতের উদ্যোক্তাদের ঋণ, প্রযুক্তি, বাজারজাতকরণ, পণ্যের মানোন্নয়ন, নীতি-সহায়তাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।বৈঠকে বাংলা ক্রাফেটর কর্মকর্তারা বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশি হস্ত ও কুটিরশিল্প পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। কিন্তু সরকারের নীতি-সহায়তার অভাবে এই শিল্প খাতের কাঙ্ক্ষিত প্রসার ঘটেনি। আমদানি-বিকল্প এসব পণ্য উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রপ্তানি বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। কর্মকর্তারা বলেন, রপ্তানির উপযোগী করে হস্ত ও কুটিরশিল্প পণ্য উৎপাদন নিশ্চিত করতে হলে সারা দেশে ক্ষুদ্র শিল্পপল্লি গড়ে তুলতে হবে।বৈঠকে উদ্যোক্তাদের বিপণন সমস্যা সমাধানে জেলা পর্যায়ে হস্তশিল্প পণ্য প্রদর্শনী কেন্দ্র স্থাপন, এই শিল্প খাতকে অগ্রাধিকার শিল্প খাত ঘোষণা এবং এর জন্য সব ধরনের নীতি ও অবকাঠামোগত সুবিধা প্রদানের দাবি জানান।এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিল্পমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে এসএমই ফাউন্ডেশনের পণ্য প্রদর্শনী কেন্দ্রে হস্ত ও কুটিরশিল্প পণ্য প্রদর্শনীর সুযোগ দেওয়া হবে। জাতীয় হস্তশিল্প নীতিমালার আওতায় সরকার হস্ত ও কুটিরশিল্প উদ্যোক্তাদের সম্ভব সব ধরনের সহায়তা দেবে।শিল্পমন্ত্রী ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষায় হস্ত ও কুটিরশিল্প পণ্যের আমদানির ক্ষেত্রে শুল্ককাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ করা হবে।বৈঠকে বাংলা ক্রাফেটর সাবেক সভাপতি আশরাফুর রহমান ও মালেকা খান, পরিচালক মাসুদা এম রশিদ চৌধুরী, শেখ সেলিনা ইসলাম, রাজিয়া জাহের, কাজী সাহাবুদ্দিন প্রমুখ বক্তব্য দেন।উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর প্রথম আলোয় দেশের হস্তশিল্প পণ্যের বিকাশ ও সম্ভাবনার ওপর ‘হস্তশিল্প-পণ্যের বাজার দেশের সীমানা ছাড়িয়ে গেছে’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনে বলা হয় যে এই খাতের জন্য সরকারি নীতি প্রণয়নের বিষয়টি এখনো অনিষ্পন্ন অবস্থায় রয়ে গেছে।