
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা টানা হরতাল-অবরোধের প্রভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে কনটেইনারে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন সামান্য কমেছে। আগের বছরের একই মাসের তুলনায় অবশ্য বেড়েছে।
বন্দরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে ৭৫ হাজার ২১৩টি রপ্তানি ও ৭৫ হাজার ৬১৮টি আমদানি কনটেইনার মিলিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ৮৩১টি কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসেবে) ওঠানো-নামানো হয়; যা ডিসেম্বরের চেয়ে ২ দশমিক ৩২ শতাংশ কম। আর গত বছরের একই সময়ের ১ লাখ ৩৯ হাজার ৩০৫টি কনটেইনারের চেয়ে ৮ দশমিক ২৭ শতাংশ বেশি। ডিসেম্বরে এর পরিমাণ ছিল ১ লাখ ৫৪ হাজার ৪১৯টি।
চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই থেকে জানুয়ারি) এই বন্দর দিয়ে আগের বছরের একই সময়ের তুলনায় কনটেইনার পরিবহন বেড়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ। আলোচ্য সাত মাসে কনটেইনার পরিবহন হয়েছে ১০ লাখ ৪২ হাজার ৮৪০টি। আগের অর্থবছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৯ লাখ ২৫ হাজার ৫৮৮টি।
জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কনটেইনার পরিবহন ধারাবাহিকভাবে বাড়ছে। এর অর্থ দেশে যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি হচ্ছে। উৎপাদন চলছে। আবার উৎপাদিত পণ্য রপ্তানিও অব্যাহত রয়েছে।
নিজামউদ্দিন আহমেদ আরও বলেন, এই বন্দর দিয়ে সমুদ্রপথে কনটেইনারে আমদানি-রপ্তানি পণ্যের ৯৩ শতাংশ পরিবহন হয়। বাকি ৩ শতাংশ পরিবহন হয় মংলা বন্দর দিয়ে। এ হিসাবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন বাড়ার অর্থ হলো, দেশের অর্থনীতি সচল আছে।
বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, প্রতিবছর গড়ে ১০ থেকে ১২ শতাংশ হারে কনটেইনার পরিবহন বাড়ার কথা। এটি নির্ভর করে আমদানি-রপ্তানি বাণিজ্যের অগ্রগতির ওপর। তবে কনটেইনার পরিবহনের হার বাড়বে কি না, তা নির্ভর করে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর।
সাধারণত হরতাল-অবরোধসহ যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে বন্দরের অভ্যন্তরে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম সচল থাকে। তবে বন্দর চত্বর থেকে কনটেইনার খালাসের হার কমে গেলে কনটেইনার জমে পরিচালন কার্যক্রমে ব্যাঘাত ঘটে। টানা অবরোধে এখন পর্যন্ত অবশ্য এ ধরনের বড় ব্যাঘাত হয়নি বলে বন্দর কর্মকর্তারা জানান। তবে কনটেইনার জমে গেলে পরিচালন কার্যক্রমে ব্যাঘাত হতে পারে বলে তাঁরা উল্লেখ করেন।
গত রোববারের হিসাব অনুযায়ী, বন্দরের ধারণক্ষমতার (৩৬ হাজার ৩৫৭) প্রায় ৭৩ শতাংশ জায়গায় এখন কনটেইনার পড়ে আছে; যা সংখ্যায় ২৬ হাজার ৫৫৩টি। কনটেইনার পড়ে থাকার এই হার যত বাড়বে, পরিচালন কার্যক্রমে তত ব্যাঘাত ঘটবে।
কনটেইনারে পণ্য পরিবহন অগ্রগতির সূচক হিসেবে ধরা হয়। কারণ, কনটেইনারে রপ্তানি পণ্যের প্রায় ৮০ শতাংশ পোশাকশিল্পের। আমদানি পণ্যের সিংহভাগও পোশাকশিল্পের কাঁচামাল, তুলা, যন্ত্রপাতি ও বিভিন্ন শিল্পকারখানার কাঁচামাল। এ ছাড়া কনটেইনারে বাণিজ্যিক পণ্যও আমদানি হয়।
ব্যবসায়ীরা মনে করেন, অর্থবছরের সাত মাসে কনটেইনার পরিবহন বাড়লেও হরতাল-অবরোধের কারণে পণ্য পরিবহনে তাঁদের বেশি খরচ হচ্ছে। ঝুঁকিও বেড়েছে। আবার প্রত্যন্ত অঞ্চলে পণ্য পরিবহন করতে বেশি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
বন্দর ব্যবহারকারী ফোরামের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য পরিবহন সচল থাকায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন সচল আছে। তবে ভোক্তার হাতে পণ্য পৌঁছাতে এখনো সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে উত্তরাঞ্চলে পণ্য পাঠাতে দুর্ভোগে পড়তে হচ্ছে বেশি। পরিবহন ভাড়া বেড়ে যাওয়াসহ অবরোধের প্রভাবে ব্যবসার খরচও বেড়েছে।