জানুয়ারি থেকে হাজারীবাগে সব সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি পুরোপুরিভাবে সাভারে স্থানান্তর করা হবে। ট্যানারির মালিকেরা কারখানা না সরালে ১ জানুয়ারি থেকে হাজারীবাগে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
গতকাল রোববার সকালে ঢাকার সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগর পরিদর্শনে এসে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশে পরিবেশদূষণের মূল কারণ ছিল হাজারীবাগের ট্যানারি শিল্প। দূষণযুক্ত এই ট্যানারির কারণে বিশ্ববাজারে চামড়া বা চামড়াজাত পণ্য রপ্তানিতে অসুবিধা হচ্ছিল। এসব কারণেই সরকার ও মালিকপক্ষ একমত হয়ে ট্যানারি সাভারে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় সাভারে পরিবেশবান্ধব চামড়া শিল্পনগর গড়ে তোলা হচ্ছে। ৩০ ডিসেম্বরের মধ্যে এই শিল্পনগর পুরোপুরিভাবে চালু হবে।
মন্ত্রী আরও বলেন, ‘এর আগেও একাধিকবার হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে স্থানান্তরের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু কাজের সমন্বয়ের অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে এবার যে সিদ্ধান্তের কথা জানানো হলো, আশা করি তা বাস্তবায়ন হবে।’
কাজের প্রশংসা করে আমির হোসেন আমু বলেন, সাভারে চামড়া শিল্পনগর প্রায় প্রস্তুত। ইতিমধ্যে অবকাঠামোগত সব কাজই প্রায় সম্পন্ন করা হয়েছে। এরপরও যেসব প্রতিষ্ঠান এখনো কাজ শুরু করেনি তাদের প্লট বাতিল করা হবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে মন্ত্রী শিল্পনগর পরিদর্শন করেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব মোশারফ হোসেন ভূঁইয়াসহ বিসিক ও সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।