জানুয়ারিতে জ্বালানি তেলের দাম কমানো হবে

অবশেষে জ্বালানি তেলের দাম কমানো হবে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ জন্য ইতিমধ্যে একটি প্রস্তাব তৈরির কথাও জানান তিনি।
অর্থমন্ত্রী গতকাল বুধবার ঢাকায় সচিবালয়ে তেলের দাম কমানোর কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জানুয়ারি মাসে জ্বালানি তেলের দাম কমানোর সম্ভাবনা খুবই বেশি। ডিসেম্বরে কমাতে চেয়েছিলাম। ডিসেম্বরে পারছি না, সুতরাং এটা জানুয়ারিতে হবে।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে, কারণ, ওটা তাঁর মন্ত্রণালয়।’
অর্থমন্ত্রী বলেছেন, অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে সুফল আনতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাঁর মতে, ‘প্রতিটি ক্ষেত্র তেলের দামে প্রভাবিত হয়, এ জন্য তেলের দাম কমানোর সুপারিশ দিয়েছি।’
আন্তর্জাতিক বাজারে দুই বছর ধরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম পড়তির দিকে। সেটির সঙ্গে সংগতি রেখে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম কমানোর দাবি তোলেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদদেরও অনেকে দাম কমানোর পরামর্শ দেন। কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি এত দিন।
দেশে তেলের দাম না কমানোর কারণ হিসেবে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসানের বোঝা কমানোর কথা বলা হয়েছিল।
এর আগে সর্বশেষ গত ২৪ এপ্রিল দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানো হয়। তখন ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ টাকায়, অকটেন ৮৯ টাকায় ও পেট্রল ৮৬ টাকায় নামিয়ে আনা হয়।
দেশে আবারও তেলের দাম কমানোর ঘোষণা এবং এর সম্ভাব্য সুফল সম্পর্কে জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর গত সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নামমাত্র দাম কমালে তাতে অর্থনীতিতে কোনো সুফল মিলবে না। জ্বালানি তেলের দাম কমানোর সুফল পেতে হলে লিটারপ্রতি ৫ থেকে ১০ টাকা কমাতে হবে। তারপরও হয়তো পরিবহন ভাড়ার ক্ষেত্রে খুব বেশি সুফল মিলবে না। তবে কৃষি ও বিদ্যুৎ খাতে এর সুফল পাওয়া যাবে।
আন্তর্জাতিক বাজারে ২০১৪ সালের জুন থেকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করে। একপর্যায়ে চলতি বছরের জানুয়ারিতে তা ব্যারেলপ্রতি মাত্র ৩০ ডলারে নেমে আসে। তা সত্ত্বেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম খুব বেশি কমানো হয়নি।
আহসান এইচ মনসুর বলেন, সরকার জ্বালানি তেল খাতে অতীতের ক্ষতি পুষিয়ে নিতেই দাম কমানোর সিদ্ধান্ত নেয়নি। এতে বিপিসির লোকসান কমেছে।
তবে দেশে তেলের বাজারকে প্রতিযোগিতাপূর্ণ করতে এ খাতে বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেন এই গবেষক-অর্থনীতিবিদ। তাঁর মতে, জ্বালানি তেল খাতে এখন রাষ্ট্রের একচেটিয়া প্রভাব রয়েছে। যে কারণে রাষ্ট্রীয় খাতের অনেক অদক্ষতা ও দুর্নীতির মাশুল ভোক্তার ঘাড়ে এসে পড়ে। রাষ্ট্রীয় খাতের অদক্ষতা ও দুর্নীতি না থাকলে এমনিতেই জ্বালানি তেলের দাম ৫ থেকে ১০ টাকা কম থাকত। তাই বেসরকারি কিছু প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দিয়ে তেলের বাজারটিকে প্রতিযোগিতাপূর্ণ করার এটাই এখন মোক্ষম সময়। এতে জ্বালানি তেলের দামও বাজারভিত্তিক করা সম্ভব হবে।
অর্থমন্ত্রী গতকাল সাংবাদিকদের এমন আভাস দিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ভিত্তিমূল্য ৬০ মার্কিন ডলার ধরে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগেও ক্যালেন্ডার বছরে ভিত্তিমূল্য (বেইজড প্রাইস) ৮০ ডলার ধরে দেশে তেলের দাম কিছুটা সমন্বয় করা হয়েছিল। অর্থমন্ত্রী আরও বলেন, এখন নতুন করে দাম নির্ধারণ করতে হলে এটা ৬০ ডলারের কাছাকাছি হবে। আমার হিসাবে বেস্ট প্রাইস ৬০ ডলারের কাছাকাছি।’
এদিকে বিপিসির হিসাব অনুযায়ী, দেশে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের বার্ষিক চাহিদা প্রায় ৫৫ লাখ মেট্রিক টন। যার সিংহভাগই আমদানি করা হয়। এর মধ্যে ৩৫ লাখ টন ডিজেল, ৭ লাখ টন ফার্নেস অয়েল, পৌনে ৪ লাখ টন জেট ফুয়েল, ২ লাখ টন কেরোসিন, দেড় লাখ টন অকটেন ও পৌনে ২ লাখ টন পেট্রল। এর মধ্যে অকটেন ও পেট্রল এখন দেশেই পাওয়া যায়। বিপিসির বাইরে বেসরকারিভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য কিছু জ্বালানি তেল আমদানি করা হয়।
বিশ্বে মোট তেল উৎপাদনের ৪০ শতাংশ হয়ে থাকে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) সদস্যদেশগুলোতে। এ সংস্থার সদস্যরা হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ভেনেজুয়েলা, ইরান, ইরাক, কুয়েত, নাইজেরিয়া, আলজেরিয়া, কাতার, অ্যাঙ্গোলা, ইকুয়েডর, গ্যাবন ও লিবিয়া। এর বাইরে তেল রপ্তানিকারক প্রধান দেশগুলো হচ্ছে রাশিয়া, আজারবাইজান, ওমান, মেক্সিকো, মালয়েশিয়া, সুদান, সাউথ সুদান ও বাহরাইন। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রও প্রচুর পরিমাণে তেল উত্তোলন করে থাকে।