জানুয়ারিতে ঢাকায় চা প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে চা প্রদর্শনীর। আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি তিন দিনব্যাপী এই চা প্রদর্শনী অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। বাংলাদেশ চা বোর্ড এই প্রদর্শনীর আয়োজন করছে।

আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা জানান।

চা প্রদর্শনীতে ৩০টি প্যাভিলিয়ন ও ২০টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০ থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। দর্শনার্থীদের কোনো প্রবেশমূল্য লাগবে না।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, দেশে-বিদেশের চা-প্রেমীদের কাছে বাংলাদেশের চা-শিল্পকে তুলে ধরার উদ্দেশ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, এই বছর চা উৎপাদন খুব ভালো হয়েছে। বাংলাদেশীয় চা সংসদ জানিয়েছে, উৎপাদনের পরিমাণ আট কোটি কেজি ছাড়িয়ে যাবে। এ ছাড়া স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ১৩ কোটি কেজি।

সংবাদ সম্মেলনে চা-বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন বা বাংলাদেশীয় চা সংসদের সভাপতি আরদাশির কবির, বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম উপস্থিত ছিলেন।