জানুয়ারিতেই মন্ত্রিপরিষদে অনুমোদন পাচ্ছে পিপিপি নীতি ও দিকনির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি জানুয়ারি মাসেই সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) নীতি ও দিকনির্দেশনা মন্ত্রিপরিষদে অনুমোদন পাচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করে মন্ত্রিপরিষদের কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিশ্চিত হওয়া গেছে, এ মাসের যেকোনো দিন মন্ত্রিপরিষদে তা উঠবে এবং চূড়ান্ত অনুমোদন পাবে। এটি অনুমোদন পেলে বেসরকারি বিনিয়োগ নির্দেশনা বাতিল হয়ে যাবে।জানা গেছে, বিনিয়োগ বোর্ড পিপিপির সচিবালয় হিসেবে কাজ করবে। এ লক্ষ্যে বিনিয়োগ বোর্ডে একটি পিপিপি সেল তৈরি করা হবে। প্রস্তাবে একটি পরামর্শক কাউন্সিল গঠনেরও প্রস্তাব করা হয়েছে।সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে এই কাউন্সিল গঠন করা হবে। কাউন্সিলের সদস্যসংখ্যা ১৯-২০ জন হতে পারে। তবে বিনিয়োগ বোর্ড সচিবালয় হলেও পিপিপির আর্থিক বিষয়গুলো দেখভাল করবে অর্থ মন্ত্রণালয়। এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য আবু রেজা খান নীতি ও দিকনির্দেশনা মন্ত্রিপরিষদের কাছে পাঠানো হয়েছে বলে স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘পিপিপি উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো ও নীতিমালা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত করে মন্ত্রিপরিষদের কাছে পাঠানো হয়েছে।এদিকে বিশ্বব্যাংক পিপিপি বাস্তবায়নে ২৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বা স্থানীয় মুদ্রায় এক হাজার ৭৭৩ কোটি টাকা সহায়তা দেওয়ার জন্য কাজ করছে। এর মধ্যে ২৫ কোটি ডলার বা এক হাজার ৭২৫ কোটি টাকা দেওয়া হবে সরাসরি প্রকল্প বাস্তবায়নের জন্য। আর বাকি অর্থ দেওয়া হবে কারিগরি সহায়তা হিসেবে। বিশ্বব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।আগামী ১৫ মার্চ বিশ্বব্যাংকের বোর্ডে এ সংক্রান্ত প্রস্তাব উঠবে বলে জানা গেছে। অনুমোদিত হলে বাংলাদেশ ব্যাংক প্রকল্পটি বাস্তবায়ন করবে বলে জানা গেছে।তবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বলছে, বাংলাদেশে বিনিয়োগ উত্সাহ ও আর্থিক সহায়তা (আইপিএফএফ) নামে একটি প্রকল্প আগে থেকে চালু আছে। বেসরকারি খাতে বিদ্যুত্ উত্পাদনকেন্দ্র নির্মাণের জন্য বিশ্বব্যাংক আগে এই প্রকল্পে অর্থ দেয়। বাংলাদেশ ব্যাংক তহবিল ব্যবস্থাপনার দায়িত্ব আছে। এখন একই প্রকল্পে পিপিপি বাস্তবায়নের জন্য নতুন করে অতিরিক্ত এই ২৫ কোটি ৭০ লাখ ডলার সহায়তা দেওয়া হবে। তবে এ ঋণ সহজ শর্তে পাওয়া যাবে। ৪০ বছরে ঋণের অর্থ পরিশোধ করতে হবে। জানা গেছে, বিশ্বব্যাংকের প্রাপ্ত অর্থের বেশির ভাগ ব্যয় করা হবে বেসরকারি খাতে নতুন করে ছোট ছোট বিদ্যুতের কেন্দ্র নির্মাণে। একই সঙ্গে পাঁচটি স্থলবন্দর, নিউমুরিং কনটেইনার টার্মিনাল ও মংলা বন্দরের জেটি উন্নয়নকাজে বিশ্বব্যাংকের ঋণের অর্থ ব্যবহার করা হবে। প্রসঙ্গত, ২০০৯-১০ অর্থবছরের বাজেটে সরকার পিপিপি বাস্তবায়নের ঘোষণা দেয়। এ জন্য বাজেটে মোট দুই হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পিপিপির উদ্যোগে বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে—জনগুরুত্বপূর্ণ অতি বিশাল প্রকল্প, জনগুরুত্বপূর্ণ অন্যান্য প্রকল্প এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতের প্রকল্প। এগুলো বাস্তবায়নে নির্মাণ, মালিকানা, পরিচালনা ও হস্তান্তর (বিওওটি); নির্মাণ, পরিচালনা ও হস্তান্তর (বিওটি) এবং নির্মাণ, মালিকানা ও পরিচালনা (বিওও)—এ তিনটি পদ্ধতির কথা প্রস্তাব করা হয়েছে।সরকারি অবস্থানপত্রে আরও বলা হয়েছে, জনগুরুত্বপূর্ণ অতি বিশাল প্রকল্পগুলো পাঁচ থেকে সাত বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পের মধ্যে ঢাকা-চট্টগ্রাম অ্যাকসেস কন্ট্রোল হাইওয়েতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২২ হাজার ১০০ কোটি ৭০ লাখ টাকা; ঢাকা মহানগরে পাতালরেল নির্মাণে ২১ হাজার ৩৯০ কোটি টাকা; ঢাকা মহানগর বেষ্টন করে মনোরেল নির্মাণে ১৯ হাজার ৩২০ কোটি টাকা; ঢাকা মহানগরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে আট হাজার ৪৮৭ কোটি টাকা, ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুর-ঢাকা অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ১৩ হাজার ১১০ কোটি টাকা; বিভিন্ন এলাকায় কয়লাভিত্তিক অথবা ডিজেল ও গ্যাসভিত্তিক ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চারটি বিদ্যুেকন্দ্র নির্মাণে ১২ হাজার ৪২০ কোটি টাকা। তবে চট্টগ্রাম গভীর সমুদ্রবন্দর নির্মাণের কোনো ব্যয় প্রাক্কলন করা হয়নি।