জানুয়ারির মধ্যে গাড়ির খোঁজ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের শুল্কমুক্ত সুবিধায় আনা ৩৯৫টি গাড়ি খুঁজে বের করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ইতিমধ্যে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোকে এসব গাড়ির পাশাপাশি ব্যবহারকারীর পাসবইগুলো ফেরত দেওয়ার জন্য জানুয়ারি মাস পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
৩১ জানুয়ারির মধ্যে এসব পাসবই ফেরত আনার জন্য সম্প্রতি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, বন্ড কমিশনারেট এবং কাস্টম হাউস কার্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে এনবিআর। এখন কমিশনারেটের পক্ষ থেকে সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের স্থানীয় প্রধানকে ওই সব পাসবই জমা ও গাড়িগুলোর খোঁজ জানাতে চিঠি দেবে। অর্থাৎ, গাড়িগুলোর খোঁজ ও পাসবই জমার জন্য এক মাস সময় পেল উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো।
এনবিআরের ওই চিঠিতে বলা হয়েছে, এসব পাসবইয়ের বিপরীতে গাড়িসহ বিভিন্ন শুল্কমুক্ত পণ্য আমদানি কিংবা কেনা হয়েছে। এর সঙ্গে বিপুল পরিমাণ রাজস্ব জড়িত। কিন্তু পাসবই ব্যবহারকারীরা ফিরে যাওয়ার সময় পাসবই গাড়িগুলো যথাযথ কর্তৃপক্ষের (ওই প্রতিষ্ঠানের স্থানীয় কার্যালয়) সমর্পণ না করে দেশত্যাগ করেন। আগামী ৩১ জানুয়ারির মধ্যে ওই পাসবই জমা দেওয়ার জন্য উন্নয়ন সহযোগীদের স্থানীয় কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গতকাল বৃহস্পতিবার এসব পাসবইসংক্রান্ত ইস্যু নিয়ে সংশ্লিষ্ট কার্যালয়ের প্রতিনিধিরা জরুরি সভা করেন। এতে সভাপতিত্ব করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান। সভায় শুল্কমুক্ত গাড়ির অপব্যবহারকারী ও গাড়িগুলোর সম্ভাব্য যাবতীয় তথ্য সংগ্রহ ও যাচাইবাছাই করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মইনুল খান প্রথম আলোকে বলেন, ‘কর্মকর্তা ফিরে গেলেও পাসবইগুলো জমা এবং গাড়িগুলোর নিয়মানুযায়ী বিক্রি করা কিংবা অন্য পাসবইধারীর কাছে হস্তান্তর করার বিষয়ে সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের স্থানীয় কার্যালয়ের প্রধানের দায়বদ্ধতা আছে। যদি শুল্কমুক্তভাবে আনা কোনো গাড়ির অপব্যবহার হয়; তবে যে পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে, তা আইনানুযায়ী ওই প্রতিষ্ঠানের কাছে আদায় করা হেব। আইন দেশি-বিদেশি সবার জন্য সমান—এটাই আমরা প্রতিষ্ঠা করতে চাই।’
সম্প্রতি এনবিআরের এক অনুসন্ধানে দেখা গেছে, ৩৯৫ জন বিদেশি নাগরিক, যাঁরা এ দেশে বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানে কাজ করেছেন, কাজের মেয়াদ শেষে তাঁরা শুল্কমুক্ত গাড়ি-সুবিধার অনুকূলে ইস্যু করা পাসবইগুলো এনবিআরে ফেরত দেননি। অধিকাংশ কর্মকর্তা ফিরে যাওয়ার আগে গাড়ি বিক্রি করে দেন।
গত এক মাসে এই সুবিধায় আনা তিনটি গাড়ি আটক করেছে এনবিআরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ইউএনডিপির সাবেক কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিজনারের ব্যবহার করা গাড়িটি গত ৪ ডিসেম্বর উত্তরা থেকে আটক করা হয়। বর্তমানে তিনি উজবেকিস্তানে ইউএনডিপির সমন্বয়কের দায়িত্বে আছেন। গত ২২ ডিসেম্বর ও ১ জানুয়ারি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সাবেক দুই কর্মকর্তার গাড়ি আটক করা হয়।
জানা গেছে, গত ২৯ ডিসেম্বর স্টিফেন প্রিজনারকে ব্যাখ্যা দেওয়ার দেওয়ার জন্য ডেকে পাঠায় শুল্ক গোয়েন্দা ও শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ চিঠি ইউএনডিপিতে পাঠানো হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায়, ওই দিন আসতে অপারগ তিনি (স্টিফেন প্রিজনার)। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর আবার আরেক দিন প্রিজনারকে ডাকবে বলে জানা গেছে। সেই দিন উপস্থিত না থাকলেও আইনানুযায়ী ব্যবস্থা নেবে অধিদপ্তর।
এনবিআরের প্রতিবেদন অনুযায়ী, এ তালিকায় বিশ্বব্যাংকের ৫৩ জন; ইউএনডিপির ৪৪ জন এবং জাইকার ৪১ জন কর্মকর্তা আছেন। এ তালিকায় আরও আছে ইউনিসেফ, ডিএফআইডি, খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আইএলও, ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি), ইউএসএইড, এডিবি, ইউএনএফপিএ, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), ড্যানিডা, কেয়ার, এশিয়া ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ফিশ, সিরডাপ, কেয়ারের নাম।
কূটনীতিকদের মতো এ দেশে কর্মরত বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের বিদেশি কর্মীরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি ব্যবহার করতে পারেন।
এ নিয়ে গত ৭ ডিসেম্বর প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়েছিল।