জানুয়ারির শেষে নতুন সূচক ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগামী জানুয়ারি মাসের শেষের দিকে নতুন সূচক চালু হচ্ছে। আগামীকাল বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) এ-সংক্রান্ত একটি উপস্থাপনা (প্রেজেন্টেশন) তুলে ধরবে ডিএসই। এ ছাড়া বৃহস্পতিবার ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকেও এটি উপস্থাপন করা হবে। আজ মঙ্গলবার ডিএসইর ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ রশীদ লালি সাংবাদিকদের এ কথা জানান।আহমেদ রশীদ লালি বলেন, নতুন সূচক চালু উপলক্ষে আগামী ১৭ জানুয়ারি ডিএসইতে ‘রি-ব্যালান্সিং’ শুরু হবে। এসইসির অনুমোদন সাপেক্ষে আগামী ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নতুন সূচক গণনা শুরু হতে পারে। নতুন সূচক চালু হলে বাজারে বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে বলে মনে করেন ডিএসইর এই নেতা।এ দিকে গতকাল সোমবার এসইসির বাজার তদারকির নতুন সফটওয়্যারের উদ্বোধনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও দুই স্টক এক্সচেঞ্জে নতুন সূচক চালুর বিষয়ে জানান। এর আগে সূচক গণনা পদ্ধতি সংশোধনের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটি ডিএসইর বর্তমান সূচক গণনার পদ্ধতি ভুল বলে মত দেয়। এরপর শুধু লেনদেনযোগ্য শেয়ারকে (ফ্রি ফ্লোট) হিসাব ধরে সঠিক পদ্ধতিতে সূচক গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে গত আগস্টে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরের (এসঅ্যান্ডপি) সঙ্গে চুক্তি করে ডিএসই।ডিএসই সূত্রে জানা গেছে, এসঅ্যান্ডপি নতুন পদ্ধতিতে সূচক গণনার মেথোডলজি (পদ্ধতি) ডিএসইর কাছে পাঠায়। ৬ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে নতুন সূচক গণনার কাজ শুরু হয়।