জানেন শুধু রতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য সরকারের উন্নয়ন প্রচার দেখতে পরিকল্পনা মন্ত্রণালয়ের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেশটির রাজধানী লন্ডনে যাচ্ছেন। আগামীকাল শনিবার সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁরা ঢাকা ত্যাগ করবেন। সেখানে তাঁরা এক সপ্তাহ অবস্থান করবেন। তাঁদের থাকা-খাওয়া, যাতায়াতসহ পুরো সফরের সব খরচই রাষ্ট্রের।
কর্মকর্তাদ্বয় হলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম বিভাগের প্রধান ও অতিরিক্ত সচিব সাঈদুল হক এবং উপপ্রধান মো. ছায়েদুজ্জামান। তাঁরা এই সফরে দেখবেন বিলবোর্ড, জায়ান্ট স্ক্রিনসহ বিভিন্ন প্রচারমাধ্যমে কীভাবে যুক্তরাজ্য সরকার নিজ দেশের উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরে। তাঁদের সেই অভিজ্ঞতা বাংলাদেশেও বাস্তবায়ন করা হবে।
দেশবাসীর সামনে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে পরিকল্পনা বিভাগ ‘শোকেসিং বাংলাদেশ’ নামে একটি প্রকল্প নিচ্ছে। প্রকল্প প্রস্তাব তৈরির সময় লন্ডনে কীভাবে ও কী প্রযুক্তি ব্যবহার করে উন্নয়নের প্রচার হয়, তা অন্তর্ভুক্ত করা হবে। মজার ব্যাপার হলো, প্রস্তাবিত প্রকল্পটি পরিকল্পনা বিভাগের হলেও বিদেশ সফরে যাচ্ছেন কার্যক্রম বিভাগের কর্মকর্তারা!

>যুক্তরাজ্যের উন্নয়ন প্রচার দেখতে সরকারি খরচে ভ্রমণবিলাস! এবার লন্ডনে যাচ্ছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, লন্ডনে গিয়ে ওই দুই কর্মকর্তা কোথায়, কী দেখবেন, তা তাঁরা জানেন না। এমনকি যুক্তরাজ্যের কোনো সরকারি সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় বা এ বিষয়ে কোনো বৈঠক করার কর্মসূচিও নেই। লন্ডনের হিথরো বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানাবেন রতন নামে এক প্রবাসী বাংলাদেশি। এই রতনই সফররত দুই কর্মকর্তাকে আগামী সপ্তাহে পুরো লন্ডন শহরে উন্নয়নের প্রচার-প্রচারণা কীভাবে হয়, তা ঘুরিয়ে দেখাবেন। ১৫ আগস্ট সাঈদুল হক ও মো. ছায়েদুজ্জামান দেশে ফিরবেন।
বিষয়টি স্বীকার করে মো. ছায়েদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘রতন নামের ওই ভদ্রলোক অন্তত চার দিন আমাদের লন্ডন শহর ঘুরিয়ে দেখাবেন। তিনি কোথায়, কী কর্মসূচি ঠিক করেছেন, তা জানি না। তবে লন্ডনে উন্নয়ন প্রচারে যে প্রযুক্তি ব্যবহার করা হয়, তা বাংলাদেশের জলবায়ুর সঙ্গে উপযুক্ত কি না, সেটাও বিবেচনায় আনতে হবে।’
এদিকে দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, রতন নামে ওই লোক ২০১১ সালে ঢাকায় অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সময় সৌন্দর্যবর্ধনের কাজে সম্পৃক্ত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ১২ থেকে ২১ জুলাই পর্যন্ত নিজ খরচে লন্ডনে উন্নয়ন প্রচার দেখতে গিয়েছিলেন। তখন পরিকল্পনা কমিশনের সদস্য আরাস্তু খান এবং সাঈদুল হকেরও লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু সময়ের স্বল্পতার কারণে নির্দিষ্ট সময়ে ভিসা না পাওয়ায় তাঁরা যেতে পারেননি।
‘শোকেসিং বাংলাদেশ’ নামের প্রকল্পের প্রস্তাবনা তৈরির কাজ শুরু করেছে পরিকল্পনা বিভাগ। রাজধানী ঢাকাসহ বড় শহরের গুরুত্বপূর্ণ সড়কে জায়ান্ট স্ক্রিনে অবিরত প্রচার হবে উন্নয়নের যাবতীয় তথ্য। তাতে উন্নয়ন প্রকল্পে সুবিধাভোগী কারা, কত লোক কীভাবে সুবিধা পান—এসব বিষয় তুলে ধরা হবে।
উন্নয়নমূলক প্রচার-প্রচারণা তুলে ধরতে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে, তা নিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠান ইতিমধ্যে পরিকল্পনামন্ত্রীর উপস্থিতিতে তাঁর দপ্তরে দেড়-দুই মাস আগে একটি ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ দিয়েছে।