জাপান এয়ারলাইনস দেউলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকট অনেক দিন ধরে চলছিল। শেষ পর্যন্ত তা চূড়ান্ত রূপ নিল গতকাল মঙ্গলবার জাপান এয়ারলাইনস আনুষ্ঠানিকভাবে নিজেদের দেউলিয়া ঘোষণা করার মধ্য দিয়ে।জাপানের বাণিজ্যিক ইতিহাসে এটি পঞ্চম বৃহত্তম দেউলিয়ার ঘোষণা। যদিও জাপান সরকার এর আগে পুনর্গঠন না হওয়া পর্যন্ত বিমান সংস্থাটিকে ৯৯০ কোটি ডলার সহায়তা দেওয়ার কথা জানিয়েছিল।আয়ের দিক থেকে জাপান এয়ারলাইনস ছিল এশিয়ার বৃহত্তম বিমান সংস্থা। তবে তিন-চার বছর ধরে ক্রমাগত লোকসানে ডুবে যাচ্ছিল সংস্থাটি। দেউলিয়া ঘোষণার ফলে প্রতিষ্ঠানটির ১৫ হাজার কর্মী কাজ হারাবেন। ইতিমধ্যে পরিচালনা পর্ষদের সব সদস্য পদত্যাগ করেছেন।টোকিও স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ২০ ফেব্রুয়ারি সংস্থাটিকে পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত করা হবে। অবশ্য জাপান সরকার জানিয়েছে, যেহেতু ইতিমধ্যে সরকারি অর্থ দেওয়া শুরু হয়েছে, সেহেতু সংস্থার নিয়মিত বিমান পরিচালনা অব্যাহত থাকবে। তবে অলাভজনক রুটগুলোয় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হবে।বিশ্বমন্দায় বিশ্বের বড় বড় বিমান সংস্থার মতো জাপান এয়ারলাইনসের ব্যবসাও আক্রান্ত হয়। ইতিমধ্যে সংস্থাটির দেনার পরিমাণ দাঁড়িয়েছে আড়াই হাজার কোটি ডলার। সূত্র: এফটি, বিবিসি