জাপান ও জার্মানিতে শেয়ার সূচক বেড়ে সর্বোচ্চ পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার জাপানের শেয়ারবাজারের সূচক বেড়ে বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। একই দিনে জার্মানির অন্যতম প্রধান শেয়ার সূচকটিও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে ওঠার রেকর্ড করেছে।জাপান ও জার্মানির শেয়ারবাজারের প্রভাব পড়েছে এশিয়া ও ইউরোপের অপরাপর বড় বাজারগুলোতে।এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কি ২২৫ গতকাল মঙ্গলবার ৪৮৬ পয়েন্ট বা ৩ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ১৪ হাজার ১৮০ পয়েন্টে উঠেছে।২০০৮ সালের জুনের পর বিগত পাঁচ বছরে এটি হচ্ছে নিক্কি সূচকের সর্বোচ্চ অবস্থান।জাপানের কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে সাম্প্রতিক সময়ে মুদ্রা সরবরাহ দ্বিগুণ করাসহ বেশ কিছু আগ্রাসী পদক্ষেপ নেওয়ায় দেশটির শেয়ারবাজার দ্রুত চাঙা হয়ে উঠছে। জার্মানির সবচেয়ে দামি তথা ব্লু চিপ শেয়ার সূচক ড্যাক্স ৩০ গতকাল শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ ৮ হাজার ১৭২ পয়েন্টে উন্নীত হয়েছে। ২০০৭ সালের জুলাইয়ে জার্মানির ড্যাক্স সূচক সর্বোচ্চ ৮ হাজার ১৫১ দশমিক ৫৭ পয়েন্টে উঠেছিল। সূত্র: বিবিসি ও এএফপি।