জাপান বাণিজ্য বাড়াতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপান বাণিজ্য বাড়াতে চায়
জাপান বাণিজ্য বাড়াতে চায়

ইতিমধ্যে বাংলাদেশে ব্যবসা করেছেন—এমন জাপানি ব্যবসায়ীদের ৮০ শতাংশই এ দেশে তাঁদের ব্যবসায়িক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ করতে চান। আগামী এক থেকে দুই বছরের মধ্যেই তাঁরা এই কাজটি করতে আগ্রহী।
জাপান সরকারের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা ইচিরো অ্যাবে এ তথ্য জানিয়েছেন। রাজধানীর মতিঝিলে গতকাল রোববার ঢাকা চেম্বার মিলনায়তনে ‘এশিয়ার বাণিজ্যিক পরিবেশ ও বাংলাদেশের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে তিনি বক্তব্য দেন।
ঢাকা চেম্বার এবং জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশন (জেট্রো) যৌথভাবে সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে ইচিরো অ্যাবে একটি প্রবন্ধের মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশে ব্যবসা পরিচালনাকারী জাপানি চার হাজার ৫০৪টি প্রতিষ্ঠানের ওপর চালানো জেট্রোর এক জরিপের ফলাফল উপস্থাপন করেন। ওই জরিপে বাংলাদেশে ব্যবসা করছে এমন ৩৪টি প্রতিষ্ঠান অংশ নেয়।
জরিপে অংশগ্রহণকারী জাপানি প্রতিষ্ঠানগুলোর মতে, বাংলাদেশ ও ভারতে পরিচালন মুনাফা বৃদ্ধির খুবই সম্ভাবনা দেখছে তারা। জরিপ অনুসারে, ২০১৩ সালে এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৫ দশমিক ৯ শতাংশ আগের বছরের চেয়ে বাংলাদেশে তাদের পরিচালন মুনাফা বাড়বে বলে পূর্বাভাস করেছিল। তবে চলতি বছরে মুনাফা বৃদ্ধির পূর্বাভাস করেছে ৬৭ দশমিক ৬ শতাংশ ব্যবসায়ী প্রতিষ্ঠান। এই পূর্বাভাস ভারতের চেয়েও বেশি। ভারতে ব্যবসা পরিচালনাকারী ৩৩৬টি জাপানি প্রতিষ্ঠানের ৬৩ দশমিক ১ শতাংশ পূর্বাভাস করেছে তাদের পরিচালন মুনাফা বাড়বে।
আবার ভিন দেশের ব্যবসায় আস্থা সূচক অনুসারে বাংলাদেশের সূচক ৬১ দশমিক ৭ যেখানে ভারতের সূচক ৫৬ দশমিক ৬। এশিয়ার মধ্যে বাংলাদেশের চেয়ে বেশি আস্থার জায়গা হলো কম্বোডিয়া ও পাকিস্তান।
ইচিরো অ্যাবে বলেন, বাংলাদেশে পণ্য বিক্রির উচ্চ সম্ভাবনা রয়েছে। ২০১৪ সালে জাপানি প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে তৃতীয় সম্ভাবনাময় দেশ হবে।
জেট্রোর বাংলাদেশ প্রতিনিধি কাই কাওয়ানো বলেন, বাংলাদেশে এখন ১৭৬টি জাপানি প্রতিষ্ঠান ব্যবসা করছে। এর প্রায় সবগুলোই টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।
সেমিনারের প্রধান অতিথি পরিকল্পনা সচিব ভুঁইয়া সফিকুল ইসলাম বলেন, বেসরকারি খাতে জাপানের বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে। স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার কাজ করছে। এ জন্য অবাধ বিনিয়োগের সুযোগও রাখা হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের তা আকৃষ্ট করবে। এ দেশে আন্তর্জাতিক মানের অর্থনৈতিক অঞ্চল স্থাপনে জাপানের বিনিয়োগকারীদের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি মোহাম্মদ শাহজাহান খান বলেন, জাপান ২০১২ সালে ৩১৭টি প্রকল্পের মাধ্যমে ৪৩৭ কোটি ডলার প্রত্যক্ষ বিনিয়োগ করে। ২০১৩ সালে রপ্তানির মাধ্যমে জাপান থেকে ৭৫ কোটি ডলার রপ্তানি আয় করে বাংলাদেশ। একই সময়ে জাপান থেকে ১১৬ কোটি ডলারের পণ্য আমদানি হয়।
শাহজাহান খান বলেন, বাংলাদেশ থেকে জাপানে রপ্তানি হওয়া মোট পণ্যের ৯০ শতাংশই নিয়ন্ত্রণ করে মাত্র সাত-আটটি পণ্য। এটি না করে বরং চিংড়ি, চামড়া ও চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্যসহ অন্যান্য পণ্য আরও বেশি রপ্তানি করতে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান। বাংলাদেশে জাপানি উদ্যোক্তাদের গ্যাস উত্তোলন, বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগ, অবকাঠামো কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগেরও আহ্বান জানান তিনি।
সেমিনারে বাংলাদেশে জাপানের বাণিজ্য পরিস্থিতির ওপর প্রবন্ধ উপস্থাপন করেন জেট্রো ব্যাংককের জ্যেষ্ঠ গবেষক হিরোশিতো ইতো।
এর আগে ঢাকা চেম্বার ও জেট্রোর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এতে সই করেন ডিসিসিআইয়ের সভাপতি ও জেট্রো বাংলাদেশের এ দেশীয় প্রতিনিধি। এতে ঢাকা চেম্বারের পরিচালকেরা উপস্থিত ছিলেন।